[b]ঢাকা: [/b]রোববারের পর থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ১৮ দলীয় জোটের সব কর্মসূচি স্থগিত থাকবে। তবে, আগামীকাল রোববার ভোর ৬টা থেকে সোমবার ৬টা পর্যন্ত অবরোধ অব্যাহত থাকবে। শনিবার রাতে বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের পক্ষে এ সিদ্ধান্তের কথা জানান বিএনপির সহ-দপ্তর সম্পাদক শামীমুর রহমান।
এর আগে অবশ্য শনিবার সন্ধ্যায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছিলেন, ১৮ দলীয় জোটের ডাকে চলা অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি পবিত্র ঈদ-ঈ-মিলাদুননবী উপলক্ষে সোমবার ও মঙ্গলবার স্থগিত থাকবে। এরপর বুধবার থেকে আবারো অনির্দিষ্টকালের জন্য অবরোধ শুরু হবে।
তবে, শনিবার রাতের নতুন সিদ্ধান্ত অনুযায়ী রোববারের অবরোধের পর পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ১৮ দলের সব কর্মসূচি স্থগিত থাকবে।

[img]http://www.timenewsbd.com/contents/public/201401/1389459287.jpg[/img]
প্রসঙ্গত, দশম সংসদে নির্বাচন ঠেকানোর ঘোষণা দিয়ে গত ১ জানুয়ারি থেকে টানা অবরোধ ডাকে ১৮ দল। এর মধ্যে ৫ জানুয়ারি ভোটের দিন হরতালও ডাকে তারা। পরে দেশের মানুষের ভোগান্তির কথা বিবেচনা করে শুক্র ও শনিবারের অবরোধ কর্মসূচি স্থগিত করা হয়।
এদিকে, বিরোধী দলের বর্জন এবং ঠেকানোর হুমকির মধ্যেই ৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচনে ভোটগ্রহণ হয়। তবে এর মধ্যে সহিংসতায় অন্তত ২১ জন নিহত হন, অগ্নিসংযোগ হয় শতাধিক ভোটকেন্দ্রে।
নির্বাচনের গ্রহণযোগ্যতা এবং ভোটকেন্দ্রে ভোটারদের খরা নিয়ে প্রশ্ন তুলে দেশ-বিদেশী পর্যবেক্ষকরা। তবে, ৪০শতাংশ ভোট পড়েছে নির্বাচন কমিশনের দেয়া এমন বিতর্কিত তথ্যের ওপর ভিত্তি করেই আগামী ৫ বছর ক্ষমতায় থাকার কথা বলা হয় আওয়ামী লীগের পক্ষ থেকে। অপরদিকে, নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলনরত ১৮ দল ভোট হয়ে যাওয়ার পর তা বাতিলের দাবিতে অবরোধ অব্যাহত রাখে এবং যেকোন মূল্যে এই সরকারের উৎখাতের ঘোষণা দেয়।
তবে, ভোটের পর গত কয়েকদিনে অবরোধ কর্মসূচি বড় ধরনের সহিংসতা ছাড়াই চললেও দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে অধিকাংশ রুটে।