[b]রংপুর:[/b] আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটকের ছয়দিন পর শাকিলের (২৫) লাশ উদ্ধার করা হয়েছে। নিহত শাকিল বাবুপাড়া স্টেশন এলাকার মৃত আব্দুস সালামের ছেলে।
সোমবার সকালে রংপুর নিসবেতগঞ্জ ঘাঘট ব্রিজের নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
গত ১৪ জানুয়ারি স্টেশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাকে আটক করা হয় বলে পরিবারের সদস্যরা জানান। পরিবারের দাবি,আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শাকিলকে গুলি করে হত্যা করে ফেলে রেখেছে। তবে এ বিষয়টি অস্বীকার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
কোতয়ালী থানার এসআই ফেরদৌস ওয়াহিদ জানান,এলাকাবাসীর কাছে খবর পেয়ে পুলিশ গিয়ে সোমবার সকালে নগরীর নিসবেতগঞ্জ ঘাঘট ব্রিজের নীচে উত্তর দিক থেকে প্যান্ট শার্ট পড়া অবস্থায় টোকাই শাকিলের লাশ উদ্ধার করা হয়। তার বাম কানের নিচে এবং উপরের দিকে ফুটা আছে। তবে কে বা কারা তাকে হত্যা করেছে সেটি জানা যায়নি। তদন্ত করা হচ্ছে। লাশ উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসাপাতালের মর্গে পাঠানো হয়েছে।
শাকিলের স্ত্রী কলি জানান,আইনশৃংখলা বাহিনীর সদস্যরা আমার স্বামীকে তুলে নিয়ে গিয়ে ছয়দিন পর হত্যা করে লাশ ব্রিজের নিচে ফেলে রেখেছে। আমি এই হত্যাকান্ডের বিচার চাই। আমার স্বামীকে যে আইনশৃঙ্খলা বাহিনী হত্যা করেছে তার প্রমাণ কানের একদিক থেকে গুলি করে অন্যদিকে দিয়ে বের করে দেয়া হয়েছে। তিনি প্রকৃত ময়না তদন্ত রিপোর্টও দাবি করেন।
শাকিল গত ১৪ জানুয়ারি জিআরপি পুলিশ ফাঁড়ি ও স্টেশনের বিভিন্ন রুমে ভাঙচুরের মামলার অভিযুক্ত আসামী। পুলিশের খাতায় শাকিল চিহ্নিত ছিনতাইকারী হিসেবে লিপিবিদ্ধ।