ঝিনাইদহ জেলার শৈলকূপায়  বাজার দখল নিয়ে পাঁচ গ্রামের মানুষের মধ্যে দ্বিতীয় দিনের মতো ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে ১৫টি বাড়ি-ঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।  বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ১০ জন।
মঙ্গলবার সকালে রয়েড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রয়েড়া বাজার দখল ও আধিপত্য বিস্তার নিয়ে রয়েড়া, তামিনগর, আড়ুয়াকান্দি, গোবিন্দপুর, বেষ্টপুর গ্রামের মানুষ সকাল থেকেই ঢাল, সড়কিসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রয়েড়া বাজারে সংঘর্ষে লিপ্ত হয়। গ্রামের বাড়িঘর ভাঙচুর ও ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাটের ঘটনাও ঘটেছে। এতে আহত হয়েছে কমপক্ষে ১০ জন।
রয়েড়া গ্রামের লিয়াকত, সেকেন্দার আলী, মকসেদ মোল্লা, উজ্জ্বল মোল্লা, রমজান মোল্লাসহ ১৫ জনের বাড়ি ভাঙচুর করা হয়।
এছাড়া রাজ্জাক ও সেলিমের ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট হয়েছে। সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত হাজার হাজার মানুষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তান্ডবলীলা চালালেও পুলিশ নির্বিকার ছিল বলে অভিযোগ উঠেছে। যে কারণে ক্ষোভ প্রকাশ করেছে ব্যবসায়ীরা।
শৈলকূপা থানার ওসি মনিরুজ্জামান মোল্লা জানিয়েছেন, সোমবারের সংঘর্ষের জের ধরে মঙ্গলবারও কয়েকটি গ্রামের বাসিন্দারা সংঘর্ষে জড়িয়ে পড়ে।
ঢাকা, ২৫ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই