ঝিনাইদহের কোটচাঁদপুরে অপহরণের ৪ দিন পর আবুল কালাম নামে এক ইউপি সদস্যে ও স্থানীয় জামায়াত কর্মীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার ভোরে সাড়ে ৭ টায় সদর উপজেলার বাজার গোপালপুর এলাকায় থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত কালাম কোটচাঁদপুর উপজেলার বলাবাড়িয়া গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে। তিনি এলাঙ্গী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার।
পরিবারের সদস্যদের দাবি জামায়াত সমর্থক হওয়ায় পুলিশ তাকে আটকের পর  গুলি করে হত্যা করেছে।
ঝিনাইদহ সদর উপজেলার বাজার গোপালপুর পুলিশ ফাড়ির তদন্ত কর্মকর্তা শিবু পদ দত্ত জানান, সকাল সাড়ে ৭টার দিকে পথচারীরা মামুনশিয়া গ্রামের বকুলতলা এলাকায় একটি গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। সম্ভবত সোমবার ভোরের দিকে কে বা কারা হত্যা করে লাশটি ফেলে রেখে গেছে।
ঝিনাইদহ সদর থানার ডিউটি অফিসার উপ পরিদর্শক (এসআই) কামরুজ্জামান জানান, ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটী ইউনিয়নের মামুনশিয়া গ্রামের মাঠে ওই ব্যক্তিকে কে বা করা গুলি করে হত্যা করেছে।
ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের কোন পরিচয় পাওয়া যায়নি।
গত ১৮ এপ্রিল শুক্রবার সকাল ১১টার দিকে কোটচাঁদপুর উপজেলার সাইনবোর্ড বাজার থেকে সাদা পোশাকধারী এক দল লোক তাকে মিনিবাসে তুলে নিয়ে যায়।
আবুল কালাম অপহরণের পর থেকে কোটচাঁদপুর পুলিশ তার আটকের বিষয়টি অস্বীকার করে আসছিলেন।
এর আগে গত ৯ এপ্রিল আটক ইউপি সদস্য আবুল কালামের ভাই উপজেলা ভাইস চেয়ারম্যান ও জামায়াতের রাজনৈতিক সেক্রেটারি মোয়াবিয়া হোসেনকে পুলিশ আটক করে।
[b]ঢাকা, ২১ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]