পহেলা বৈশাখ বাঙালি জাতির প্রাণের উৎসব। এদিন থেকেই শুরু হয় বাংলা সনের গণনা। তাই বর্ষবরণকে লক্ষ্য করে দেশজুড়ে পালিত হচ্ছে নানা আচার অনুষ্ঠান। বাঙালি জাতির নিজস্ব এ সংস্কৃতিকে উদযাপন করতে লাখো বাঙালির সঙ্গে একাত্ম হয়েছেন বিদেশিরাও। তারা অকুণ্ঠচিত্তে বাঙালি সংস্কৃতিকে জানাচ্ছেন শ্রদ্ধা ও সম্মান।
রাজধানী ঢাকার পহেলা বৈশাখের প্রধান উৎসবস্থল রমনা বটমূল, সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, চারুকলা, কেন্দ্রীয় শহীদ মিনার, জাতীয় সংসদ ভবন, চন্দ্রিমা উদ্যান, শিশুপার্ক, হাতিরঝিল, রবীন্দ্র সরোবরসহ প্রায় সবকটি উৎসব স্থলে বিদেশি নাগরিকদের দেখা গেছে।
অনেকেই আবার বাঙালির সংস্কৃতির রঙে রঞ্জিত হয়ে মুখের মধ্যে শিল্পীর তুলিতে লিখে নিয়েছেন ‘স্বাগত হে পহেলা বৈশাখ’, ‘শুভ নববর্ষ’, আবার অনেকের মুখে দেখা গেছে বাংলার ঐতিহ্যবাহী যন্ত্র ঢোল, তবলা ও একতারার ছবি। আবার অনেকেই এসেছেন পরিবার পরিজন নিয়ে।
বিদেশি এসব নাগরিকদের কেউ কেউ এসেছেন সাদা লুঙ্গি ও হলুদ পাঞ্জাবি পরেছেন। আবার কেউ এসেছে লাল সবুজের শাড়িতে রঙিন হয়ে। আবার কারো মাথায় ঝুলছে রং বেরঙের ফুলে রিং।
রমনা উদ্যানের বর্ষবরণ অনুষ্ঠানে যোগ দিতে আসা কানাডীয় নাগরিক মি. সং উচ্ছ্বাসের সঙ্গে বললেন, ‘শুভ নববর্ষ বাঙালি’। তার সঙ্গে আরো কয়েকজন বিদেশি। তারাও উচ্চ স্বরে এক যোগে বাংলা ভাষায় বলতে থাকেন ‘পহো বৈশাখ শুভ নববর্ষ’।
উৎসবে যোগ দেয়া বহু বিদেশি নাগরিককে দেখা গেছে বাঙালি তরুণ-তরুণীদের সঙ্গে একাত্ম হয়ে ছবি তুলতে। তারা হাস্যোজ্জ্বল কণ্ঠে একে অপরের সঙ্গে গলাগলি ও করমর্দনের মাধ্যমে উৎসবের আনন্দ ভাগ করে নিচ্ছেন।
বাঙালির নাড়ির সঙ্গে জড়িত ঐতিহ্যবাহী এ উৎসবে যোগ দিতে পেরে যেন নিজেদেরকে ধন্য মনে করছেন বিদেশিরা।
[b]ঢাকা, ১৪ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]