[b]হ্যামিল্টন:[/b] নিউজিল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম তথা শেষ ওয়ানডে ম্যাচে এডওয়ার্ডস ও ব্রাভোর জোড়া সেঞ্চুরিতে ২০৩ রানে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। সেই সাথে ২-২ এ সিরিজ ড্র করেছে তারা।
বুধবার প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে চার উইকেট হারিয়ে ৩৬৩ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ২৯.৫ ওভারে ১৬০ রানেই ইনিংস গুটিয়ে যায় নিউজিল্যান্ডের।
সিরিজ হাতছাড়া না করতে এই ম্যাচে জয়ের বিকল্প ছিল না ক্যারিবীয়দের। সিরিজের প্রথম ম্যাচটিতে জিতলেও তৃতীয় ও চতুর্থ ওয়ানডেতে হেরে যায় তারা। আর দ্বিতীয় ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। আর শেষ ম্যাচটি নিজেদের করে নিয়ে সিরিজেও সমতা আনল ব্রাভোরা।
সিরিজ জয়ের স্বপ্ন দেখা নিউজিল্যান্ডের অধিনায়ক ব্রেন্ডন ম্যাককুলাম টস জিতে শুরুতেই অতিথিদেরকে ব্যাট করার আমন্ত্রণ জানান। বাঁচা-মরার ম্যাচে ব্যাট করার সুযোগ পেয়ে তা ভালভাবেই কাজে লাগায় তারা।
উদ্বোধনী জুটিতে ৯৫ রান করেন কিরেন পাওয়েল ও জনসন চার্লস। ৭৩ রান করা পাওয়েল সাজঘরে ফিরে গেলে ক্রিজে আসেন কির্ক এডওয়ার্ডস। পরে ৩১ রান করা চার্লস রান আউটের ফাঁদে পড়েন। মাঠে নেমে মাত্র নয় রানে সিমন্স সাজঘরে ফিরলে ১৪৩ রানেই তিন উইকেট হারায় উইন্ডিজরা।
কিন্তু এডওয়ার্ডস ও ডোয়াইন ব্রাভো দলের হাল ধরেন। বেধড়ক পেটান কিউই বোলারদেরকে। সেই সাথে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করেন ২০১১ সালে অভিষেক হওয়া এডওয়ার্ডস। আর দ্বিতীয় সেঞ্চুরির মুখ দেখেন ২০০৪ সালে অভিষেক হওয়া ব্রাভো।
দলীয় ৩৫৪ রানে ব্রাভো আউট হলে ভেঙ্গে যায় তাদের ২১১ রানের জুটি। উইলিয়ামসনের বলে নাথান ম্যাককুলামের হাতে ক্যাচ তুলে দেয়ার আগে ৮১ বলে ১২টি চার ও তিনটি ছক্কায় ১০৬ রান করেন দলনেতা ব্রাভো।
এদিকে হার না মানা ইনিংস খেলেছেন ওয়ানডাউনে নামা এডওয়ার্ডস। ১০৮ বলে ১২টি বাউন্ডারির সাথে চারটি ওভার বাউন্ডারিতে ১২৩ রানে অপরাজিত থাকেন তিনি। তার সঙ্গে ছয় রান নিয়ে খেলা শেষ করেন আন্দ্রে রাসেল।
ব্লাক ক্যাপসদের বোলিংয়ে বেস্ট ফিগার ১০ ওভারে ৬.৪০ ইকোনোমিতে এক উইকেট নেয়া নাথান ম্যাককুলাম।
লক্ষ্য তাড়া করতে নামা কিউই ব্যাটসম্যানরা উদ্বোধনী জুটিতে মাত্র ২১ রান সংগ্রহ করে। এরপর বোলারদের তোপের মুখ থেকে নিজেদেরকে রক্ষা করতে পারেনি তারা। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি। ফলে নিশ্চিত হারের দিকে এগিয়ে যায় ব্লাক ক্যাপসরা।
দলের পক্ষে সর্বোচ্চ ২৯ রান করেন কোরি অ্যান্ডাসন। এছাড়া কাইল মিলসের ২৬ রানই ২০ এর অধিক স্কোর। তবে রানের খাতা খুলতে পারেননি শুধু অপরাজিত ম্যাকক্লিনাঘান।
ওয়েস্ট ইন্ডিজের বোলার নিকিতা মিলার ১০ ওভারে ৪৫ রান দিয়ে চারটি উইকেট শিকার করেন। আর দুটি করে উইকেট নেন আন্দ্রে রাসেল ও জ্যাসোন হোল্ডার।
শ্রেণীহীন
২০৩ রানে জিতে সিরিজ ড্র করল ক্যারিবীয়নরা
হ্যামিল্টন: নিউজিল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম তথা শেষ ওয়ানডে ম্যাচে এডওয়ার্ডস ও ব্রাভোর জোড়া সেঞ্চুরিতে ২০৩ রানে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ।





