[b]ঢাকা:[/b] চলমান রাজনৈতিক অচলাবস্থা নিরসন ও গ্রহণযোগ্য নির্বাচনের তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিঠি দিয়েছে যুক্তরাষ্ট্র।
দেশটির সিনেটের ফরেন রিলেশন্স কমিটির চেয়ারম্যান রবার্ট মেনেন্ডেজ পৃথকভাবে দুই নেত্রীকে চিঠি পাঠিয়েছেন।
চিঠিতে রাজনৈতিক অচলাবস্থা কাটানো, সহিংসতা বন্ধ এবং অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে আলোচনায় বসার তাগিদ দেয়া হয়েছে।
পৃথকভাবে পাঠানো ওই দুটি চিঠিতে মেনেন্ডেজ শেখ হাসিনা ও খালেদা জিয়াকে সম্বোধন করে লিখেছেন, ‘বাংলাদেশে চলমান রাজনৈতিক অচলাবস্থায় আমার উদ্বেগের কথা ব্যক্ত করতে ও আপনার প্রতিপক্ষের সঙ্গে আলোচনায় বসে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে দেশকে এগিয়ে নেয়ার আহ্বান জানাতে আমি লিখছি।’
তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, ‘বর্তমান রাজনৈতিক অচলাবস্থা দেশকে অস্থিতিশীল করে তুলতে পারে এবং তা বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ও অর্থনৈতিক ভবিষ্যতের ওপর দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলতে পারে।’
মার্কিন এই সিনেটর লিখেছেন, ভবিষ্যত নেতৃবৃন্দকে নির্বাচিত করতে পারে এমন একটি স্থায়ী, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য রাজনৈতিক প্রক্রিয়া বাংলাদেশের জনগণের প্রাপ্য।
তিনি বলেন, ‘নির্বাচনপূর্ব ও নির্বাচনের দিন যে সহিংসতার ঘটনা ঘটেছে, তার তীব্র নিন্দা জানাই আমি। কোনো পরিস্থিতিতেই সহিংসতা রাজনৈতিক দৃষ্টিভঙ্গির গ্রহণযোগ্য ও বৈধ বহিঃপ্রকাশ নয়।’
মেনেন্ডেজ বলেন, সড়কে সহিংসতা অবশ্যই অবিলম্বে বন্ধ হতে হবে ও দলগুলোকে শান্তিপূর্ণভাবে মতামত প্রকাশের জন্য অবশ্যই রাজনৈতিকভাবে সুযোগ করে দিতে হবে।
ওই চিঠিতে তিনি আরো লিখেন, ‘যুক্তরাষ্ট্র বাংলাদেশের গুরুত্বপূর্ণ অংশীদার। আমাদের এ দুটি দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য বর্তমানে ৬০০ কোটি ডলার ছাড়িয়েছে এবং মার্কিন প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে গুরুত্বপূর্ণ দীর্ঘমেয়াদী বিনিয়োগ করেছে।’
মার্কিন এই সিনেটর উদ্বেগ প্রকাশ করে বলেন, চলমান রাজনৈতিক অচলাবস্থা অর্থনীতিতে গুরুতর প্রভাব ফেলেছে এবং তা বিদেশি বিনিয়োগকারীদের আস্থাকে আরো দুর্বল করে দেবে।
‘তলানির দিকে ঘূর্ণায়মান এ পরিস্থিতি অবসানের লক্ষ্যে আমি দৃঢ়ভাবে আপনাকে নতুন অবাধ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যাপারে আলোচনা শুরুর আহ্বান জানাচ্ছি’ যোগ করেন তিনি।
তিনি বলেন, ‘বিশ্ব বাংলাদেশের প্রতি লক্ষ্য রাখছে। আমাদের গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্কের দৃঢ় সমর্থক হিসেবে আমি নতুন করে আলোচনা শুরুর জন্য পুনরায় আহ্বান জানাচ্ছি, যা একটি অবাধ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচনের পথে অগ্রসর হবে এবং সহিংসতার অবসান হবে।
শ্রেণীহীন
নতুন নির্বাচনের তাগিদ দিয়ে হাসিনা-খালেদাকে যুক্তরাষ্ট্রের চিঠি
চলমান রাজনৈতিক অচলাবস্থা নিরসন ও গ্রহণযোগ্য নির্বাচনের তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিঠি দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির সিনেটের ফরেন রিলেশন্স কমিটির চেয়ারম্যান রবার্ট মেনেন্ডেজ পৃথকভাবে দুই নেত্রীকে চিঠি পাঠিয়েছেন।





