পরিচয় গোপন করে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে সৌদি আরব গমনের সময় তিন নারীসহ ৭ রোহিঙ্গাকে আটক করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
তারা হলেন- খোরশেদ আলম, শাহ আলম, মহিউদ্দিন, মো.আজিজ, আমেনা বেগম, জহুরা বেগম ও রেহেনা বেগম।
মঙ্গলবার রাত ১২টায় জেদ্দাগামী বাংলাদেশ বিমানের ০৩৭ ফ্লাইটের এসব যাত্রী বোডিং কার্ড সংগ্রহের সময় আটক করা হয়।
পাসপোর্টে তাদের ঠিকানা চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় দেখানো হলেও মূলত তারা মায়ানমারের বাসিন্দা বলে জানিয়েছেন চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর ম্যানেজার উইং কমান্ডার নুর-ই-আলম।
তিনি বলেন, বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে জেদ্দা যাওয়ার জন্য কাউন্টার থেকে বোডিং কার্ড নিতে লাইনে দাড়ান তারা। এসময় দায়িত্বরত সিভিল এভিয়েশনের কর্মকর্তাদের সন্দেহ হলে তাদের আটক করা হয়।
আটকের পর তাদের পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন নুর-ই- আলম।
[b]ঢাকা, ১৬ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]