রাজশাহীর বাঘায় এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে  মাদকাসক্ত স্বামী। পরে পালাতে গিয়ে স্বামী আব্দুল লতিফ (৫০) সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। নিহত গৃহবধুর নাম রহিদা বেগম (৪৫)বলে জানা যায়।
বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার হাবাশপুর এলাকায় এ ঘটনা ঘটে।
বাঘা থানার অফিসার ইন চার্জ (ওসি) আমিনুর রহমান জানান, নিহত রহিদা বেগম জেলার চারঘাটের ভায়ালক্ষ্মিপুর লগরপাড়া এলাকার ছৈরুদ্দিনের মেয়ে।
তিনি আরো জানান, শুক্রবার সকালে নিহত ওই গৃহবধুর লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে নেয়া হয়েছে। এছাড়া বাঘা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন আব্দুল লতিফকে রাতেই আটক করা হয়েছে।
ওসি বলেন, নিহতের শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরে তাকে হত্যা করা হয়েছে। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এদিকে, নিহতের ছোটভাই আতিকুর রহমান জানান, প্রায় ২০ বছর আগে আব্দুল লতিফের সাথে রহিদার বিয়ে হয়। তাদের পরিবারে  রুখসানা খাতুন (১৮) ও মিঠুন আলী (১০) নামের দুই ছেলে মেয়ে রয়েছে। বিয়ের কিছুদিনের মাথায় মাদকাসক্ত হয়ে পড়েন আব্দুল লতিফ। এ নিয়ে শুরু হয় পারিবারিক কলহ। সম্প্রতি তিনি অসুস্থ হয়ে পড়লে কলহ ব্যাপক রূপ নেয়।
এরই জের ধরে বৃহস্পতিবার রাতে রহিদা বেগম ও আব্দুল লতিফের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রহিদা বেগমকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে হত্যা করে লতিফ। পরে পালাতে গিয়ে চারঘাট থেকে বাঘাগামী একটি শ্যালোইঞ্জিন চালিত ভুটভুটি তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেন।
[b]ঢাকা, ১১ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//এসএইচ
[/b]