রমনা থানা স্বেচ্ছাসেবক লীগের কমিটিতে প্রতিদ্বন্দিতা করতে চাওয়ায় খুন হয়েছেন মাহবুবুর রহমান রানা(৩২)।
সাবেক এ ছাত্রলীগ নেতা রমনা থানা স্বেচ্ছাসেবক লীগের সম্ভাব্য কমিটিতে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন।
এ কারণে প্রতিদ্বন্দ্বি পক্ষ তাঁকে খুন করতে পারে বলে ধারণা করছে পুলিশ। রমনা থানা পুলিশ, প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে এমন তথ্যই পাওয়া গেছে।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে মগবাজার মোড়ে মসজিদের সামনে দিয়ে মটরসাইকেলে যাচ্ছিলেন মাহবুবুর রহমান রানা (৩২)। এসময় সিএনজিতে আসা ৪/৫ জন দুর্বৃত্ত সদস্য এলোপাথাড়ি গুলি ছোঁড়ে। পরে ছোরা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।
গুলি ও ছুরিকাঘাতে গুরুতর আহত রানাকে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। রাত ৮ টার দিকে কর্তব্যরত চিকিতসকরা তাকে মৃত ঘোষণা করেন।
রানার সহযোগী মোহাম্মদ আরমান আলী জানান,সামনে রমনা থানা স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটির নির্বাচনের কথা চলছে। রানা কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতির দায়িত্ব পালন করেছে। নতুন কমিটিতে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দিতা করার জন্য রানা সরবে প্রচার চালিয়ে আসছিল। এ কারণে অন্য কোনো প্রতিপক্ষ তাকে সরাতেই খুন করে থাকতে পারে মনে ধারণা করছেন তিনি।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে রমনা থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শহীদুল ইসলাম স্বপন জানান, রানা রমনা থানা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি। তবে সম্প্রতি তিনি রমনা থানার স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলেন। তবে নতুন কমিটিতে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দিতা করার কারণে রানাকে খুন করা হয়েছে কিনা সে সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হন নি তিনি।
এ ব্যাপারে রমনা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, পুলিশ ঘটনাস্থলে গেছে। তবে ঘটনার সাথে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
তিনি জানান, ঘটনাস্থল পরিদর্শন করে ও প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে মনে হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে রানাকে খুন করা হয়েছে।
তিনি স্বেচ্ছাসেবকলীগের একটি সূত্রের বরাত দিয়ে আরো জানান, সামনে রমনা শাখা স্বেচ্ছাসেবকলীগের নতুন কমিটি জন্য নির্বাচনের কথা চলছে।
নতনু কমিটিতে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দিতা করতে চেয়েছিল রানা। সাধারণ সম্পাদকের পদে নির্বাচিত হতে রানাকে পথে কাটা ভেবে কোনো প্রতিপক্ষ খুন করতে পারে বলে পুলিশের পক্ষ থেকে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তবে তিনি জানান, এখনো মামলা হয় নি। তবে খুনিদের চিহ্নিত করতে পুলিশ ইতোমধ্যে সক্রিয় হয়েছে।
ঢাকা, জেইউ, ২৩ জানুয়ারি (টাইমনিজিবিডি.কম) // কেএইচ