চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লা এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত হিযবুত তাহরীরের ৭ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
আন্দরকিল্লা শাহী জামে মসজিদে জুমার নামাজের পর লিফলেট বিতরণকালে শুক্রবার বেলা ২টায় কোতোয়ালি থানা পুলিশ তাদের আটক করে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন সেলিম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিষিদ্ধ ঘোষিত হিযবুত তাহরীর সংগঠনের কয়েকজন নেতাকর্মী জুমার নামাজ শেষে মুসল্লিদের কাছে লিফলেট বিতরণ করছিল। রাষ্ট্র বিরোধী লিফলেট বিতরণের সময় ৭ জনকে আটক করা হয়েছে।
এসময় তাদের কাছ থেকে বেশকিছু লিফলেট উদ্ধার করা হয়েছে। আটককৃতদের বিষয়ে পুলিশ যাচাই-বাছাই করে দেখছে। তাদের নাম-পরিচয় লিপিবদ্ধ করার পর বিস্তারিত জানানো হবে।
তিনি আরও জানান, আটককৃতরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ নগরীর বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
জঙ্গি তৎপরতার অভিযোগে ২০০৯ সালের ২২ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জননিরাপত্তার স্বার্থে বাংলাদেশে দলটির সব কার্যক্রম নিষিদ্ধ করে।
[b]ঢাকা, ২৩ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]