চুয়াডাঙ্গার জীবননগরে অভিযান চালিয়ে বিএনপির ওয়ার্ড সভাপতি হারুন-অর রশিদ, শরিফুল ইসলাম , জামায়াতের ওয়ার্ড সভাপতি আব্দুল মান্নান  ও পোলিং এজেন্ট শাহাবাদকে  আটক করে পুলিশ।
আটকের সময় তল্লাশির নামে বাড়ি ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।
শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে ৩টা পর্যন্ত এ অভিযান চালায় পুলিশ।    
জীবননগর থানার অফিসার ইন চার্জ (ওসি) শিকদার মশিউর রহমান  জানান, শুক্রবার দিবাগত রাতে আমার নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল জীবননগর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে উপজেলার বাঁকা গ্রামের শাহজাহান আলীর ছেলে বিএনপির ওয়ার্ড সভাপতি হারুন-অর রশিদ (৩৫), বাড়ান্দি গ্রামের আলী কদরের ছেলে শরিফুল ইসলাম (৩০), কাটাপোল গ্রামের মৃত গহর আলীর ছেলে জামায়াতের ওয়ার্ড সভাপতি আব্দুল মান্নান (৩৫) ও খয়েরহুদা গ্রামের মৃত রবিউল ইসলামের ছেলে পোলিং এজেন্ট শাহাবাদ (৫০) কে আটক করা হয়েছে।
জীবননগর উপজেলা জামায়াতের আমীর খলিলুর রহমান মুঠোফোনে  জানান, পুলিশ বৈদ্যনাথপুর গ্রামে উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক ইস্রাফিলকে আটক করতে গিয়ে তাকে না পেয়ে বাড়ি ভাঙচুর করেছে এবং পোলিং এজেন্ট শাহাবাদকে কোনো মামলা ছাড়াই হয়রানি করার জন্য আটক করেছে।
জীবননগর থানার ওসি বাড়ি ভাঙচুরের ঘটনা অস্বীকার করে জানান, আমি এ ব্যাপারে কিছু জানি না। তবে আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। কাউকে হয়রানি করার জন্য আটক করা হয়নি।
[b]চুয়াডাঙ্গা,২২মার্চ,টাইমনিউজবিডি//এসএইচ    [/b]