[b]ঢাকা:[/b] বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার গুলশানের বাসভবনের চারপাশে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা বসানো হয়েছে।
বৃহস্পতিবার খালেদা জিয়ার ব্যক্তিগত নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিদের তত্ত্বাবধানে গুলশান অ্যাভিনিউয়ের ৭৯ নং রোডের এক নম্বর বাড়িটির সদর দরজা ও দেয়ালের বিভিন্ন স্থানে মোট দশটি ক্লোজ সার্কিট ক্যামেরা লাগানো হয়।
জানা যায়,বাড়ির চারপাশে কি ঘটছে,তা সরাসরি অবগত হতেই খালেদা জিয়া এই সিসি ক্যামেরা বসানোর নির্দেশ দেন।
খালেদা জিয়ার বাসভবনের অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা প্রত্যাহারের প্রেক্ষিতে তার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতেই এ উদ্যোগ বলে মনে করা হচ্ছে।
সম্প্রতি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের বাসভবনের সামনে থাকা অতিরিক্ত পুলিশ সরিয়ে নেওয়া হয়েছে। তুলে নেওয়া হয়েছে সব ব্যারিকেড। তবে সাধারণ নিরাপত্তায় নিয়োজিত পুলিশ মোতায়েন রয়েছে। এ ছাড়াও আনসার বাহিনীর সদস্য মোতায়েনের প্রক্রিয়া চলছে।
বুধবার সকালে এই অতিরিক্ত নিরাপত্তা প্রত্যাহার করা হয়। দুই দিন আগে বাড়ির সামনে থেকে সরিয়ে ফেলা হয় জলকামান ও বালুভর্তি চারটি ট্রাক। প্রায় দুই সপ্তাহ পর বাসভবনের সামনের সড়কটিও যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে।