ঢাকা: বাংলাদেশের ৭৭ শতাংশ মানুষ আসন্ন ৫ই জানুয়ারির সাধারণ নির্বাচনকে অগ্রহণযোগ্য বলে মত দিয়েছেন। বাংলাদেশের ইংরেজি দৈনিক ঢাকা ট্রিবিউনের করা সাম্প্রতিক এক জনমত জরিপে এ তথ্য জানা গেছে। ঢাকা ট্রিবিউনের বরাত দিয়ে পাকিস্তানের প্রভাবশালী দৈনিক ডনেও এ প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে।
আগামী রোববারের নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) অংশগ্রহণ না করায় জরিপে অংশ নেয়া তিন-চতুর্থাংশেরও বেশি মানুষ নির্বাচনের বিপক্ষে অবস্থান নিয়েছেন। জরিপে অংশগ্রহণকারী ৭৭ শতাংশ মানুষ এ নির্বাচনকে অগ্রহণযোগ্য মনে করেন। তবে, ভোটকেন্দ্রে ভোট দিতে যেতে পারেন ৪১ শতাংশ মানুষ।
জরিপ অনুযায়ী, ৩৭ শতাংশ মানুষ বিএনপিতে ও আওয়ামী লীগে ভোট দিতে পারেন ৩৬ শতাংশ মানুষ। ৪৪ শতাংশ মানুষ অনুমান করছেন,জয়ের পাল্লাটা ঝুঁকতো বিএনপির দিকে। আর ৩৮ শতাংশ মানুষের ধারণা,আওয়ামী লীগই নির্বাচনে জয়লাভ করতো। জরিপে অংশ নেয়া ৭১ শতাংশ মানুষ মনে করেন,দেশ ভুল পথে এগোচ্ছে।
বর্তমান সরকার একটি অবাধ,নিরপেক্ষ,সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজন করতে পারবে কি না,এমন প্রশ্নের উত্তরে জরিপে অংশ নেয়া ৪৭ শতাংশ মানুষ ইতিবাচক সাড়া দিয়েছেন। ৩৮ শতাংশ এর বিপক্ষে তাদের অবস্থানের কথা জানিয়েছেন।
প্রসঙ্গত, ক্ষমতাসীন দল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার দাবি না মানায় বিএনপি ও তার সহযোগী প্রায় ২০টি দল নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে আগেই। ফলে,দেশজুড়ে সহিংসতা অব্যাহত রয়েছে। স্বাধীনতার পর সবচেয়ে রক্তাক্ত ১২টি মাস প্রত্যক্ষ করেছে দেশবাসী। গত অক্টোবর মাসের শেষদিক থেকে এ পর্যন্ত ১৪০ জনেরও বেশি মানুষ নির্বাচন-সংশ্লিষ্ট সহিংসতায় প্রাণ হারিয়েছেন