সাতক্ষীরায় ছিনতাইয়ের  প্রস্তুতির সময় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে দুই যুবলীগ কর্মী গুলিবিদ্ধ হয়েছেন।  গুলিবিদ্ধ কর্মীদের নাম রুবেল হোসেন (৩৫) ও শাহাবুদ্দীন রুবেল (২৫)। এসময় আহত হয়েছেন পুলিশের দুই কনস্টেবল।
বুধবার ভোর রাত সাড়ে ৩টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার বকচরা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ শাহাবুদ্দীন রুবেল  সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের দরগাপাড়া গ্রামের ডা. গিয়াস উদ্দিনের ছেলে ও রুবেল হোসেন  সাতক্ষীরা শহরের রসুলপুর এলাকার জগর আলী শেখের ছেলে। আহত কনস্টেবলরা হলেন- আলীম ও এমদাদ। তারা সাতক্ষীরা সদর থানায় কর্মরত।
সাতক্ষীরা সদর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) লিটন ঘটনাটি নিশ্চিত করে জানান, ভোররাত সাড়ে ৩টার দিকে বিশেষ অভিযান চলাকালে পুলিশকে লক্ষ্য করে অতর্কিত গুলি চালায় সংঘবদ্ধ ছিনতাইকারীরা।  এ সময় পুলিশও আত্মরক্ষার্থে ১০ রাউন্ড গুলিবর্ষণ করে। এতে তারা পিছু হটে। পরে ঘটনাস্থল থেকে দুইজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। আহতদের পায়ে গুলি লেগেছে। তাদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তবে হাসপাতালে চিকিৎসাধীন রুবেল হোসেন ও শাহাবুদ্দীন রুবেল জানান, স্থানীয় যুবলীগের এক প্রভাবশালী নেতার ইন্ধনে পুলিশ তাদেরকে বাড়ী থেকে ধরে নিয়ে গুলি করেছে। তারা সকলেই যুবলীগের কর্মী।
[b]ঢাকা, ২৩ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]