[b]ঢাকা: [/b]দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানে বর্বরোচিত নজিরবিহীন হামলায় ক্ষতিগ্রস্ত প্রতিটি প্রতিষ্ঠান থেকে স্থানীয় থানায় মামলা দায়ের করার পরামর্শ দেয়া হয়েছে।
প্রাথমিক ও গণশিক্ষা এবং শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আজ শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা কালে এ নির্দেশ দেন।
মন্ত্রী সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানসমূহে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা কমিটি,শিক্ষক-শিক্ষার্থী,এলাকাবাসী সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
তিনি বলেন,শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংসকারী ও সাম্প্রদায়িক সন্ত্রাসীদের প্রতিরোধ করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ এবং আমাদের হাজার বছরের সাম্প্রদায়িক ঐতিহ্য রক্ষায় এগিয়ে আসুন।
সারাদেশে প্রাথমিক হিসেব অনুযায়ী ৪১৯টি প্রাথমিক বিদ্যালয়,৮২টি মাধ্যমিক বিদ্যালয়, ২১টি মাদরাসা ও ৯টি কলেজ ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য সংগ্রহ চলছে। শীঘ্রই তা খতিয়ে দেখে শিক্ষা প্রতিষ্ঠানসমূহ মেরামত,সংস্কার বা নির্মাণের ব্যবস্থা নেয়া হবে।
গতকাল অর্থ পাওয়ার লোভে নিজ স্কুলে আগুন দেয়ার অভিযোগে আটক বগুড়ার শাজাহানপুরের সুজাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বরখাস্ত করা হয়েছে এবং তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হচ্ছে। সভায় এধরনের অপকর্ম থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান হয়েছে।