কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের আহমেদপুর বাজারে প্রকাশ্যে দুর্বৃত্তদের গুলিতে জাসদ নেতা ইসমাইল হোসেন পাঞ্জের (৫৬) নিহত হয়েছেন। হত্যা ও অস্ত্রসহ একাধিক মামলার আসামি এই জাসদ নেতা । এ সময় গুলিতে আহত হয়েছেন স্থানীয় আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম (৫০)। সোমবার সকাল ৬ টায় আহমেদপুর বাজারের একটি চায়ের দোকানে এ ঘটনা ঘটে।  
নিহতের ছেলে মিটুল জানান, প্রতিদিনের মত তার বাবা পাঞ্জের হাঁটতে বের হন। স্থানীয় আহমেদপুর বাজারে আব্দুর রশিদের চায়ের দোকানে বসে তিনি ও আত্মীয় শফিকুল চা পান করছিলেন। এ সময় একটি মটরসাইকেলে তিনজন দুর্বৃত্ত এসে তাদের উপর গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় দু’জনকেই কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হলে ডাক্তার পাঞ্জেরকে মৃত ঘোষণা করেন। শফিকুল ইসলামের অবস্থাও আশঙ্কাজনক বলে জানান তিনি।
চায়ের দোকানদার আব্দুর রশিদ জানান, সকালে পাঞ্জের ও শফিকুল দোকানে এসে চা খাচ্ছিলেন। এমন সময় একটি মটর সাইকেলে তিনজন এসে তাদেরকে লক্ষ্য করে তিনটি গুলি করে পালিয়ে যায়।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার সোহেল রেজা জানিয়েছেন, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় প্রতিপক্ষ দুলালের সাথে পাঞ্জেরের বিরোধ চলছিল। এটাকে সামনে রেখেই পুলিশি তদন্ত চলছে। হত্যাকারীদের গ্রেফতারে ইতিমধ্যেই অভিযান শুরু হয়েছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, পাঞ্জের মিরপুর উপজেলা জাসদের সাবেক সহ-সভাপতি ছিলেন। তার বিরুদ্ধে হত্যা ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে। তিনি একাধিকবার অস্ত্রসহ গ্রেফতার হয়েছেন। সবশেষ গত ২০ মার্চ একটি হত্যা মামলায় জামিন নিয়ে তিনি বাড়িতে অবস্থান করছিলেন। শফিকুল পোড়াদহ ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
[b]ঢাকা, ১৪ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেবি[/b]