র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) নিয়ে বিতর্ক ওঠায় নিয়মিত টহল দানে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে র‌্যাব কর্তৃপক্ষ। বুধবার র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক এটিএম হাবিবুর রহমান এ তথ্য জানান।
ফলে র‌্যাব এখন থেকে নিরাপত্তা চৌকি বসিয়ে তল্লাশি চালাবে না। ট্রাফিক নিয়ন্ত্রণসহ আরও কিছু কর্মকাণ্ডে অংশ নেবে না; এমনকি তারা এখন থেকে নিয়মিত টহলও দেবে না।
র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক আরও বলেন, এখন থেকে টেন্ডারবাক্স পাহারা, জমিজমা ও টাকা লেনদেন সংক্রান্ত সমস্যা ও পারিবারিক বিরোধ নিয়ে র‌্যাব আর কোনো ধরনের কর্মকাণ্ড চালাবে না। সুনির্দিষ্ট দায়িত্ব-কর্তব্যের প্রতি র‌্যাব এখন থেক বেশি যত্নবান হবে। এমনটাই নির্দেশ দিয়েছেন র‌্যাবের মহাপরিচালক।
এদিকে, র‌্যাবের মহাপরিচালক বলেন, র‌্যাব নির্ধারিত সাত মৌলিক কাজের বাইরে বা অন্য কোনো ধরণের বাড়তি কর্মকাণ্ডে অংশ নেবে না। তবে তাদের প্রশিক্ষণের বিষয়টি গুরুত্ব পাবে।
র‌্যাবের ওই সাত দায়িত্বের মধ্যে আছে অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত, সশস্ত্র জঙ্গি ও সন্ত্রাসীদের আটক করা, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ-বিস্ফোরক দ্রব্যসহ সব ধরনের অবৈধ দ্রব্য উদ্ধার করা, অন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করা, গোয়েন্দা তথ্য সংগহ করা, সরকারি নির্দেশে  যেকোনো অপরাধের তদন্ত করা এবং যেকোনো ধরনের দায়িত্ব পালন করা।
র‌্যাব মহাপরিচালক বলেন, মৌলিক সাত কাজের বাইরেও র‌্যাব সদস্যরা বাড়তি কিছু দায়িত্ব পালন করত। এতে মৌলিক কাজে গতি কমে আসছিল। এসব বিবেচনা করেই এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  প্রতিষ্ঠার পর থেকে র‌্যাব সাতটি দায়িত্ব পালন করবে বলেই ঠিক হয়েছিল।
উল্লেখ্য, কিছুদিন ধরেই র‌্যাবের বিরুদ্ধে গুম-অপহরণসহ নানা ধরনের অভিযোগ আসছিল। সর্বশেষ নারায়ণগঞ্জের বহুল আলোচিত সাত খুনের ঘটনায় র‌্যাবের কয়েকজন কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে র‌্যাবের মূল কাজের বাইরে অন্যান্য কর্মকাণ্ড নিয়ে ব্যাপক সমালোচনা হয়। এর মধ্যেই গতকাল র‌্যাবের পক্ষ থেকে সাতটি মৌলিক কাজের বাইরে অন্যান্য কর্মকাণ্ড বাড়তি কাজে অংশ নেবে না বলে জানিয়ে দেওয়া হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এ নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একাধিক বৈঠকও হয়েছে।
[b]ঢাকা, ২৬মে (টাইমনিউজবিডি) //জেডআই // কেবি[/b]