সাংবাদিকদের কল্যাণের জন্য ‘বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আইন’ ২০১৩ পাস করতে যাচ্ছে দশম জাতীয় সংসদ।
বুধবার এ আইনটি পাস হওয়ার কথা রয়েছে বলে তথ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। এর অগে ২০১৩ সালের ৪ নভেম্বর এ আইনের খসড়া অনুমোদন দিয়েছিল মন্ত্রিসভা।
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু জানান, সাংবাদিকদের কল্যাণের জন্যই এ আইনটি আজ (৫ ফেব্রুয়ারি) সংসদে পাসের জন্য উপস্থাপন করা হবে। পাসের পরেই প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
তথ্য মন্ত্রণালয় সূত্র জানায়, বর্তমানে সাংবাদিক সহায়তা ভাতা বা অনুদান নীতিমালা-২০১২ এর আলোকে সাংবাদিকদের এক কোটি টাকা অনুদান দেওয়া হয়। এ আইনের ফলে তহবিলের আওতা বাড়ানো হয়েছে।
অসুস্থ, অস্বচ্ছল ও মৃত্যুজনিত কারণে সহায়তা দেওয়া ছাড়াও সাংবাদিকদের কল্যাণের জন্য প্রকল্প অনুমোদন ও বাস্তবায়নের অধিকার রয়েছে। সাংবাদিকরা দায়িত্ব পালনকালে আহত হলেও অনুদান পাবেন।
ট্রাস্টের মাধ্যমে সাংবাদিকদের জন্য বৃত্তির ব্যবস্থা ছাড়াও তাদের সন্তানদেরও বৃত্তির ব্যবস্থা করা হবে।
আইনে আরো বলা হয়েছে, ১৩ সদস্যের  ট্রাস্টি বোর্ড গঠন করা হবে। যা সংবিধিবদ্ধ সংস্থা। ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হবেন তথ্যমন্ত্রী, আর পদাধিকারবলে তথ্য সচিব ভাইস চেয়ারম্যান। এছাড়াও পিআইবির মহাপরিচালক, প্রধান তথ্য কর্মকর্তা, প্রধানমন্ত্রীর কার্যালয় ও অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পদমর্যাদার দু’জন, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও মহাসচিব এর সদস্য হবেন।
এ বোর্ডে একজন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দেবে সরকার। সরকার তিনজন সাংবাদিককে বোর্ডের সদস্য হিসেবে মনোনীত করবেন।
এখানে আরো বলা হয়েছে, ট্রাস্টের মূল অর্থ দেবে সরকার। এছাড়াও সিটি করপোরেশনের মতো বিভিন্ন স্থানীয় সংস্থা, ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে অর্থ নেওয়া যাবে। সরকারের অনুমতি সাপেক্ষে বিদেশ থেকেও অর্থ পাওয়া যাবে। আয়ের উৎস হবে নিজস্ব সম্পত্তি। ট্রাস্ট তার কাজ পরিচালনার জন্য অনুমতি নিয়ে ঋণও নিতে পারবে।
তহবিল দেখা শুনার জন্য অডিটের ব্যবস্থা রাখা হয়েছে আইনে।
[b]ঢাকা, বুধবার ৫ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]