ঢাকা: বিরোধী দল গণতন্ত্রের অভিযাত্রা নামে সন্ত্রাসী দিয়ে ঢাকাবাসীকে জিম্মি রেখে রাজধানীকে অচল করে দেয়ার পরিকল্পনার করেছিল। আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের কারনে তা ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।
রোববার দুপুরে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান কালে সাংবাদিকদের তিনি একথা বলেন।
খালেদা জিয়াকে অবরুদ্ধ রেখে গণতন্ত্র বিকশিত হচ্ছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখা হয়নি। তার নিরাপত্তার সার্থে আইন শৃঙ্খলা বাহিনী তার বাসার সামনে অবস্থান করছে।
তিনি বলেন,তাদের উদ্দেশ্য ছিলো নাশকতার মাধ্যমে দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করে তৃতীয় শক্তিকে ক্ষমতায় আনা। এ কারণে জনগণ তাদের ডাকে সাড়া দেয়নি। এবং জনগণের জানমাল রক্ষায় নেতাকর্মীদের রাজপথে নেমে আসার জন্য ধন্যবাদ জানান।
বনমন্ত্রী হাছান মাহমুদ বলেন,গণতন্ত্রের অভিযাত্রার নামে তারা একটি সন্ত্রাসের অভিযাত্রা করতে চেয়েছিলো। কিন্তু ঢাকার মানুষ তাতে সাড়া দেয়নি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন,তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা নেই। খালেদা জিয়া বলেছিলো যে তিনি শান্তিপূর্ণ কর্মসূচি করবে। কর্মসূচি ঘোষণার দুই ঘন্টার মধ্যে দুইজন পুলিশ সদস্যকে পুড়িয়ে মেরেছে। এ থেকে প্রমানিত হয় তাদের শান্তিপূর্ণ কর্মসূচি করার উদ্দেশ্য ছিলো না।
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন,তারা যেভাবে বাস ভাঙচুর অগ্নিসংযোগ করেছিলো, তাতে ভীত হয়ে পরিবহন মালিকরা পরিবহন বন্ধ রেখেছে। এতে আমাদের কোন হাত নেই।