নবগঠিত দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে বিকেলে। দীর্ঘ ২২ বছর পর বুধবার সন্ধ্যা ৬টায় বিএনপির প্রতিনিধিত্ব ছাড়াই বসছে এ অধিবেশন।
সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে সোমবার বিকালে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ অ্যাডভোকেট এ আদেশ জারি করেন। তবে কতদিন অধিবেশন চলবে এ বিষয়ে কিছু জানা যায়নি।
বুধবার বিকালে অধিবেশন শুরুর আগ মুহূর্তে সংসদের কার্য-উপদেষ্টা কমিটির বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানা গেছে।
সংসদ সচিবালয় সূত্র জানায়,দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরুর সব প্রস্তুতিও শেষ করেছে সংসদ সচিবালয়।
বুধবার সন্ধ্যা ৬টায় দশম সংসদের প্রথম অধিবেশন শুরু হবে। অধিবেশনের প্রথমপর্বে সভাপতিত্ব করবেন নবম সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তার সভাপতিত্বেই দশম জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে।
এরপর দ্বিতীয় পর্বে নবনির্বাচিত স্পিকারের সভাপতিত্বে দশম জাতীয় সংসদের স্পিকার সভাপতিত্ব করবেন সংসদ অধিবেশনে। নতুন স্পিকারের সভাপতিত্বেই রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ উদ্বোধনী ভাষণ দেবেন।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের ও ২০১৪ সালের প্রথম এই অধিবেশনে রাষ্ট্রপতি জাতির উদ্দেশে ভাষণ দেবেন। ওই ভাষণের ওপর সংসদ সদস্যরা ধন্যবাদ প্রস্তাবে আলোচনায় অংশ নেবেন।
এবারের সংসদে প্রধান বিরোধী দলের ভূমিকা পালন করবে দ্বিতীয় বৃহত্তম দল জাতীয় পার্টি। এরই মধ্যে বিরোধীদলীয় নেতা নির্বাচিত হয়েছেন দলের প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদ। বিরোধী দলে থাকলেও সরকারে অংশীদারিত্ব থাকছে সাবেক প্রেসিডেন্ট এইচএম এরশাদের জাতীয় পার্টির।
[b]ঢাকা, ২৯ জানুয়ারি(টাইমনিউজবিডি)// জেআই[/b]