[b]বেনাপোল:[/b] ১৮ দলের ডাকা টানা অবরোধের তৃতীয় দিনে শুক্রবার ভারত থেকে ফিরে আসা শত শত পাসপোর্ট যাত্রী আটকা পড়েছে বেনাপোলে।
বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশনের ওসি মোশারফ হোসেন জানান,সাধারণত শুক্রবার হরতাল বা অবরোধ থাকে না। এ জন্য বুধ ও বৃহস্পতিবার ভারত থেকে তেমন কোন যাত্রী আসেনি। কিন্তু শুক্রবার সকাল থেকে ভারত হতে কয়েকশ'পাসপোর্ট যাত্রী বেনাপোল দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে।
তিনি আরো জানান,বিকাল তিনটার দিকে পুলিশের তত্ত্বাবধানে কোলকাতা-ঢাকা সরাসরি সৌহার্দ্য পরিবহনের ২টি ও শ্যামলী পরিবহনের ৩টি এসি বাস বেনাপোল থেকে ২শ' যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে।
এছাড়াও আরও প্রায় দেড়শ'যাত্রী আটকা পড়েছে বেনাপোলের বিভিন্ন আবাসিক হোটেল ও পরিবহন কাউন্টারে। অন্য কোন বাস না ছাড়ার কারণে এই শীতের মধ্যে শিশু ও বয়স্করা মানবেতর জীবনযাপন করছেন।
অন্যদিকে দুপুরের দিকে কয়েকশ‘ যাত্রী বেনাপোল থেকে নসিমন,করিমন,ইজিবাইকে যশোর ফিরে আসেন। সেখান থেকে তারা টিকিট কেটে সিট না পেয়ে দাঁড়িয়ে ট্রেনে করে ঢাকার উদ্দেশ্যে এসেছেন বলে জানা গেছে।





