নসিমন, করিমন, ভটভটি, পাগলুসহ সরকার ঘোষিত সকল অবৈধ যান চলাচল বন্ধসহ অন্যান্য দাবীতে পঞ্চগড়ে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট পালন করছে মালিক সমিতি।
নসিমন, করিমন, ভটভটি, পাগলুসহ সরকার ঘোষিত সকল অবৈধ যান চলাচল বন্ধ, বাংলাবান্ধা বন্দরে অতিরিক্ত লেবার বকশিষ আদায় বন্ধ ও বাংলাবান্ধা ক্যাম্পের সামনে দিয়ে সন্ধ্যা ৬ টার পরিবর্তে রাত১২টা পর্যন্ত বন্দরের পণ্য পরিবহনের দাবীতে মঙ্গলবার সকাল থেকে এই পরিবহন ধর্মঘটের ডাক দেয়া হয়।
জেলা মোটর মালিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে জেলায় নসিমন, করিমন, ভটভটি, পাগলুসহ সরকার ঘোষিত সকল অবৈধ যান চলাচল করে আসছে। এতে দূর্ঘটনার পাশাপাশি মোটর মালিক সমিতিভূক্ত মালিকগণ ব্যবসায়ীকভাবে এবং শ্রমিকগণ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ বিষয়ে গত বছরের ৫ মে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সিদ্ধান্ত গ্রহন করলেও তা বাস্তবায়ন করা হয়নি।
অন্যদিকে বাংলাবান্ধা স্থলবন্দরে তথাকথিত কুলি শ্রমিক ইউনিয়নের নামে স্থানীয় কিছু সংখ্যক কুলি লোডিং/ আনলোডিং টাকা বাদে বকশিষ এর নামে প্রতি ট্রাক প্রতি বলপূর্বক দেড় থেকে দুই হাজার টাকা আদায় করছে। এ নিয়ে বন্দর এলাকায় সংঘর্ষের ঘটনাও ঘটছে। এছাড়াও বাংলাবান্ধা স্থলবন্দর ক্যাম্পের সামনে দিয়ে সন্ধ্যা ৬ টার পর কোন গাড়ি মালামাল কেরিং করতে পারে না। তাই বাংলাবান্ধা স্থলবন্দর ক্যাম্পের সামনে দিয়ে সন্ধ্যা ৬ টার পরিবর্তে রাত ১২ টা পর্যন্ত পণ্য পরিবহনের দাবী জানানো হয়। পরিবহন ধর্মঘটে আন্তজেলার সবকটি রুটে যানচলাচল বন্ধ থাকবে। আর এতে সাধারণ যাত্রীসহ শিক্ষার্থীরা বিশেষ করে গ্রাম থেকে আগত চলতি এইচ. এস.সি পরীক্ষার্থীরা চরম ভোগান্তির সম্মুখিন হবে। উল্লেখ্য যে, একই দাবীতে জেলা মোটর মালিক সমিতি এর আগেও কয়েক দফা পরিবহন ধর্মঘট পালন করেছে।
[b]পঞ্চগড়, এলআর, ৮ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]
শ্রেণীহীন
পঞ্চগড়ে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট
নসিমন, করিমন, ভটভটি, পাগলুসহ সরকার ঘোষিত সকল অবৈধ যান চলাচল বন্ধসহ অন্যান্য দাবীতে পঞ্চগড়ে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট পালন করছে মালিক সমিতি





