[b]ঢাকা:[/b] নিজের এবং স্ত্রীর সম্পদের হিসাব সাংবাদিকদের মাধ্যমে দেশবাসীকে জানানোর ঘোষণা দিয়েছেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।
স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত কারার লক্ষ্যে এমন উদ্যোগ নিয়েছেন প্রথমবারের মতো সরকারের মন্ত্রিসভায় স্থান পাওয়া এই প্রতিমন্ত্রী।
রোববার দুপুরে সচিবালয়ে ভুমি মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সামনে নিজের ও স্ত্রীর সম্পদের ঘোষণা দিয়ে স্বচ্ছতার সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দেন সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। পাশিাপাশি মন্ত্রী থাকা অবস্থায় প্রত্যেক বছর নিজের ও স্ত্রীর সম্পদের হিসাব প্রকাশেরও ঘোষণা দেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন,আমার ব্যক্তিগত ১৫ কোটি ১৭ লাখ ৬৫ হাজার টাকা রয়েছে। আর আমার স্ত্রী রোখমিলা জামানের সম্পদের পরিমাণ দুই কোটি ৯২ লাখ ১৬ হাজার ৬৯৮ টাকা। এরমধ্যে আমার নামে কোন গাড়ি কিংবা এফডিআর নেই। এগুলো আমার পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান ও কোম্পানীর নামে রয়েছে। তবে শিগগির ৯ম সংসদের এমপি হিসেবে একটি গাড়ি আমার সম্পদে যোগ হবে।
প্রতিমন্ত্রী বলেন,খালি হাতে এসেছি,খালি হাতেই যাবো। আগামী পাঁচ বছরে আমার সম্পদ বাড়বে না। আমি আমার ব্যবসা প্রতিষ্ঠান সম্প্রসারণ করবো না। নতুন করে কোন জমিও ক্রয় করবো না। তবে ঢাকা ও চট্টগ্রামে একাধিক ফ্ল্যাট বুকিং দেওয়া আছে। এগুলো রেজি:ষ্ট্রেশন হলেই আমার সম্পদ বিবরণীতে যোগ হবে। প্রতি বছর স্বেচ্ছায় নিজের সম্পদের হিসাব প্রকাশ করবেন বলেও তিনি ঘোষণা দেন।
মন্ত্রণালয়ের কাজের কর্মপরিকল্পনা নিয়ে জানতে চাইলে প্রতিমন্ত্রী জানান,স্বল্প,মধ্য ও দীর্ঘ মেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করবেন। তবে স্বল্প মেয়াদি পরিকল্পনার মধ্যে প্রধমবারের মতো দেশে একটি ল্যান্ড ব্যাংক স্থাপন করবেন। যাতে সারাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা খাস জমি, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের পরিত্যাক্ত জমি এবং বন্ধ হয়ে যাওয়া কল-কারখানার সম্পদগুলো একটি ছাতার আওতায় আনা সম্ভব হয়। এর ফলে সম্পদের সঠিক ব্যবহার করা যাবে।
এব্যাপারে তিনি শিগগির প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন বলে জানান।
তিনি আরো বলেন,ভূমি মন্ত্রণালয় থেকে জনগণ যাতে হয়রানির শিকার না হয় সে জন্য কাজ করে যাবো। এখন থেকে জনগণ এ মন্ত্রণালয়ে কাজে হয়রানির শিকার হবে না বলেও জানান তিনি।