এমপি মুজিবুর রহমান চৌধুরী নিক্সনের (নিক্সন চৌধুরী) স্ত্রী মুনতারিন মুজিব চৌধুরীর (৩৩) গত মঙ্গলবার দিবাগত রাতে রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে। নিহতের পরিবার, এমপি'র দলীয় নেতাকর্মী ও হাসপাতাল কর্তৃপক্ষের ভিন্ন ভিন্ন বক্তব্য এবং পুলিশের নীরব ভূমিকার কারণে মৃত্যুর কারণ নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।
[img]http://www.timenewsbd.com/contents/public/201404/1398868944.jpg[/img]
মঙ্গলবার রাতে গুলশানের ইউনাইটেড হাসপাতালে গুরুতর অসুস্থ অবস্থায় ভর্তি করা হলে রাত ৯টা ৫১ মিনিটে তাঁর মৃত্যু হয়। তার লাশ ইউনাইটেড হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।
মৃত মুনতারিনের স্বামী নিক্সন চৌধুরী ফরিদপুর ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসনের এমপি। স্ত্রীর নিহত হওয়ার পর চৌধুরী নিক্সনও অসুস্থ হয়ে পড়েছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
এমপি নিক্সনের স্ত্রী মুনতারিনের মৃত্যুর খবরে বুধবার দুপুরে ইউনাইটেড হাসপাতালে গেলে, গতরাতের ডিউটি ম্যানেজার মিনহাজুল ইসলাম টাইমনিউজবিডিকে বলেন, গত মঙ্গলবার রাত ৮টা ৩৮ মিনিটে মুনতারিনকে ভর্তি করানো হয়। পরে ঘন্টাব্যাপী চিকিৎসা শেষে রাত ৯টা ৫১ মিনিটে কর্তব্যরত ডাক্তারগণ মুনতারিনকে মৃত ঘোষণা করেন।
তিনি জানান, মৃত রোগীর বয়স ৩৩। প্রচণ্ড আঘাতের কারণে মাথায় রক্তক্ষরণ ঘটে বলে উল্লেখ করা হয়েছে রোগীর নিবন্ধন খাতায়। তবে কিভাবে মাথায় আঘাত পেয়েছন এব্যাপারে তিনি কিছু জানাতে পারেন নি।
[img]http://www.timenewsbd.com/contents/public/201404/1398870789.jpg[/img]
তবে নিহতের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে,  গত মঙ্গলবার রাত সাড়ে ৮টায় রাজধানীর গুলশান ২-এর ৭৬ নম্বর রোডের ২০ নম্বর বাসার পঞ্চম তলার বারান্দা থেকে পিছলে নিচে পড়ে যান মুনতারিন। বাইরে তখন ঝড় হচ্ছিল। পড়ে যাওয়ার সময় পেছনে ছিল তাঁর একমাত্র মেয়ে এবং বাসার গৃহকর্মী। গুরুতর আহত অবস্থায় তাঁকে পাশের ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাত ৯টা ৫১ মিনিটে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে এব্যাপারে খোঁজ নিতে এমপি নিক্সনের ঢাকাস্থ গুলশান ২-এর ৭৬ নম্বর রোডের ২০ নম্বর বাসায় যাওয়া হলে বাসায় এমপি নিক্সন অসুস্থ, ভেতরে যাওয়া যাবে না বলে জানান ভবনের দাড়োয়ান।
নাম প্রকাশে অনিচ্ছুক সংসদ সদস্যের পরিবারের ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে স্বামী-স্ত্রীর পারিবারিক কলহের একপর্যায়ে মুনতারিন ৪ তলা বাসভবনের ছাদ থেকে লাফ দেন। আশঙ্কাজনক অবস্থায় ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে রাত ৯টা ৫১ মিনিটে তার মৃত্যু হয়।
এদিকে সংসদ সদস্যের সহকারী একান্ত সচিব মো. কাওসার হোসেন জানান, সংসদ সদস্যের  স্ত্রী মুনতারিন চৌধুরী রাতে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। কাওসার হোসেন জানান, মুনতারিন চৌধুরীর নয় বছর বয়সী একটি মেয়ে রয়েছে। সে পঞ্চম শ্রেণীতে পড়াশোনা করে।
আগামীকাল বাদ জোহর গুলশানের আজাদ মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে মুনতারিনকে দাফনের সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি।
মুনতারিনের মৃত্যুর খবরে গুলশানে নিক্সন চৌধুরীর বাড়িতে এসেছেন তাঁর নির্বাচনী এলাকার নেতা-কর্মীরা। তাঁরা সাংবাদিকদের জানান,  হৃদরোগে আক্রান্ত হয়ে সংসদ সদস্যের স্ত্রী মারা গেছেন বলে জেনেছেন তারা। নিক্সন চৌধুরী ও মুনতারিনের দাম্পত্য জীবন ১৮ বছরের। অষ্টম শ্রেণীতে পড়ার সময় নিক্সনের সঙ্গে মুনতারিনের বিয়ে হয়।
নিক্সন চৌধুরীর স্ত্রীর মৃত্যু সম্পর্কে ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি। তবে হাসপাতালের ডিরেক্টর(প্রশাসন) ব্রিগেডিয়ার (অব:) শহিদুল ইসলাম জানান, কী কারণে মুনতারিনের মৃত্যু হয়েছে,  তা জানা যায়নি। ময়না তদন্তের পর এ ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে। পুলিশের নির্দেশনা ছাড়া এই মৃতদেহ হস্তান্তর করা হবে না।
এব্যাপারে গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি টাইমনিউজবিডিকে বলেন, সংসদ সদস্য নিক্সন চৌধুরীর স্ত্রীর মৃত্যুর ব্যাপারে তার পরিবারের পক্ষ থেকে কোনো ধরণের যোগাযোগ করা হয়নি।
ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার লুৎফুল কবীর টাইমনিউজবিডিকে বলেন,  হাসপাতাল থেকে নিক্সন চৌধুরীর স্ত্রীর মৃত্যুর খবর আনুমানিক রাত সোয়া ১০টায় জানানো হয়। কী কারণে মারা গেছে, তা বলেনি।
মুনতারিনের মৃত্যুর ঘটনায় ময়নাতদন্ত করা হবে কি না, সেই সিদ্ধান্ত নেয়নি পুলিশ। তিনি বলেন, আমাদের কাছে কেউ মামলাও করে নি, অভিযোগ করেনি। তাই এ মুহূর্তে কিছু বলা যাচ্ছে না।
উল্লেখ্য, আওয়ামী লীগের সংসদ সদস্য নূর-ই আলম চৌধুরীর (লিটন চৌধুরী) ভাই নিক্সন চৌধুরী দশম সংসদে স্বতন্ত্র প্রার্থী হন ফরিদপুর-৪ আসনে। সেখানে আওয়ামী লীগ প্রার্থী কাজী জাফরউল্লাহকে হারিয়ে বিজয়ী হন তিনি। পরে আওয়ামী লীগে যোগ দেন মাদারীপুরের এই বাসিন্দা।
নিক্সন চৌধুরী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় বোনের নাতি। সে হিসেবে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুপাতো ভাইয়ের ছেলে। নিক্সন চৌধুরী দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে নিজেকে প্রধানমন্ত্রীর আত্মীয় বলে প্রচার করেন। তবে ফরিদপুরের ভাঙ্গায় এক জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, পদ্মাসেতু দুর্নীতির সঙ্গে যাদের নাম জড়িত, তারা কেউ তার আত্মীয় নন।
[b]ঢাকা, জেইউ, ৩০ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//এসআর[/b]