জেএমবি-র ঘটনায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। গঠন করা হয়েছে ৭ সদস্যের মনিটরিং টিম। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বর্তমানে জেএমবি’র ১৫ জন সদস্য বন্দি রয়েছেন। এদের মধ্যে ১ জন দণ্ডপ্রাপ্ত আর বাকিরা হাজতী আসামী হিসেবে রয়েছেন।
কারাগার সূত্রে জানাগেছে, ডেপুটি জেলার জাহেদুল আলমের নেতৃত্বে ৭ সদস্যের বিশেষ টিম কাজ করবে। টিমের সসদ্যরা চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের বর্তমান নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত বাহিনীর সাথে সমন্বয় করে কাজ করবেন।
এ ঘটনার প্রেক্ষিতে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নিরাপত্তা ব্যবস্থা করা হলো।
রোববার সকালে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে ময়মনসিংহ কারাগারে নেওয়ার পথে ত্রিশালের সাইনবোর্ড এলাকায় প্রিজন ভ্যানে এলোপাতাড়ি গুলি করে জেএমবি-র ৩ আসামিকে ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। হামলায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। অপর ২ পুলিশ গুলিবিদ্ধ হয়েছেন।
চট্টগ্রাম কারাগারের সিনিয়র জেল সুপার মো. ছগির মিয়া জানান, ত্রিশালে যে ৩ জঙ্গীকে ছিনিয়ে নেয়া হয়েছে তাদের মধ্যে চট্টগ্রামে বোমা হামলার প্রধান কারিগর বোমা মিজানও থাকায় চট্টগ্রামের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের সিদ্ধান্ত নেয়া হয়েছে জরুরি ভিত্তিতে।
[b]চট্টগ্রাম,২৩ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]