চার দিনের সরকারি সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার রাত ১২টার দিকে জাপানের উদ্দেশে প্রধানমন্ত্রীর ঢাকা ছেড়ে যাওয়ার কথা রয়েছে। খবর বাসসের।
বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত শিরো সাদোশিমা সাংবাদিকদের জানান, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ সফরের ফলে ঢাকা-টোকিও দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় উন্নীত হবে।’ বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন অংশীদার জাপান দারিদ্র্য বিমোচন, ভৌত অবকাঠামো, বিদ্যুত উত্পাদন, মানবসম্পদ উন্নয়নের মতো বিভিন্ন খাতে আর্থিক সহযোগিতা প্রদানের মাধ্যমে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
প্রধানমন্ত্রীর দপ্তর সূত্র জানায়, জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের আমন্ত্রণে প্রধানমন্ত্রী শনিবার রাতে টোকিওর উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।
৫ জানুয়ারির জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে বর্তমান আওয়ামী লীগ সরকার দায়িত্ব গ্রহণের পর কোনো দেশে এটি হবে শেখ হাসিনার প্রথম দ্বিপক্ষীয় সফর। তিনি ১৯৯৭ সালে প্রথম এবং ২০১০ সালে দ্বিতীয়বার জাপান সফর করেন। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ভিভিআইপি ফ্লাইট শনিবার মধ্যরাত ১২টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাওয়ার কথা রয়েছে। ২৫ মে বেলা একটায় (জাপানের স্থানীয় সময়) ফ্লাইটটির টোকিওর হানেদা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা। টোকিও যাওয়ার পথে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় দেড় ঘণ্টা যাত্রা বিরতি করবেন।
বিমানবন্দরে উষ্ণ অভিনন্দন জানানোর পর শেখ হাসিনাকে মোটর শোভাযাত্রা সহকারে টোকিওর মোতোয়াকাসাকা মিনান্টোতে রাষ্ট্রীয় অতিথি ভবন আকাসাকা প্যালেসে নিয়ে যাওয়া হবে। জাপানের চার দিনের সফরকালে তিনি সেখানেই অবস্থান করবেন বলে জানা গেছে।
[b]ঢাকা, ২৩ মে (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]