[b]ঢাকা:[/b] রাজধানীর গুলশানে বিশিষ্টজনদের নিয়ে বৈঠক করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
দীর্ঘ ১৬ দিন পর শনিবার রাত পৌনে ৯টায় এ বৈঠক হয়। এর আগে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে গুলশানে নিজ কার্যালয়ে এসে চীনের রাষ্ট্রদূত লি জুন এর সঙ্গে বৈঠক করেন। তবে, বৈঠকের বিস্তারিত কিছু জানা যায়নি।
বৈঠকে বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. এমাজ উদ্দীন আহমেদ, বিশিষ্ট অর্থনীতিবিদ ড. মাহবুবুল্লাহ, অধ্যাপক পিয়াস করিম, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কবি আবদুল হাই শিকদার, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব শওকত মাহমুদ প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমান, উপদেষ্টা পরিষদের সদস্য ড এম ওসমান ফারুক, সাবিউদ্দিন আহমেদ, রিয়াজ রহমান, সাবেক বিরোধীদলীয় চীফ হুইপ জয়নাল আবদীন ফারুক, সাবেক মহিলা সংসদ সদস্য রাশেদা বেগম হিরা, নিলুফার চৌধুরী মনি।
এর আগে সর্বশেষ গত ২৫ ডিসেম্বর বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে শুভেচ্ছা বিনিময়ের জন্য কার্যালয়ে গিয়েছিলেন খালেদা জিয়া। এরপর মার্চ ফর ডেমোক্রেসি ঘিরে কার্যত ‘গৃহবন্দি’ হয়ে পড়েন তিনি।
তার বাসা ঘিরে রাখে পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বাসার দুইপাশে ব্যারিকেড ও বালির ট্রাক দিয়ে প্রতিবন্ধকতা তৈরি করা হয়। এমন অবস্থায় ২৯ ও ৩০ ডিসেম্বর দুই দিন বাসা থেকে বের হওয়ার চেষ্টা করেও বের হতে পারেননি।
পরে মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচি করতে না পেরে অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয় ১৮ দলের পক্ষ থেকে। আর তখন থেকেই তিনি গুলশানের নিজ বাসভবনেই অবস্থান করছিলেন। কারণ হরতাল-অবরোধের সময় তিনি বাসা থেকে বের হন না।
তবে জনগণের সুবিধার কথা বিবেচনা করে গতকাল শুক্র ও শনিবার অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচিতে দুইদিন বিরতি দেওয়া হয়েছে। যে কারণে শনিবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নিজ কার্যালয়ে অফিস করেছেন।