বাগেরহাটের মোরেলগঞ্জে এক ব্যবসায়ীকে অপহরণের অভিযোগে বিদেশি পিস্তলসহ আবুবক্কর শরীফ ওরফে টিটু শরীফ (৩৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে মোরেলগঞ্জ উপজেলার খারুইখালী গ্রাম থেকে তাকে আটক করে পুলিশ।
পার্শবর্তী পিরোজপুরের জিয়ানগর উপজেলার ইন্দুরকানি গ্রামের আব্দুর রব নামে এক চিংড়ি ঘের ব্যবসায়ীকে অস্ত্রের মুখে অপহরণ করে মারধর করার অভিযোগে টিটু শরীফকে আটক করা হয়।
আটক যুবক মোরেলগঞ্জ উপজেলার খারুইখালী গ্রামের শামসুর রহমান শরীফের ছেলে। তাকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
মোরেলগঞ্জ থানার অফিসার ইন চার্জ (ওসি) আব্দুর রকিব খান টাইম নিউজকে জানান, সন্ধ্যার দিকে মোরেলগঞ্জ উপজেলার মুন্সিরহাট বাজারে একটি চায়ের দোকান থেকে ব্যবসায়ী আব্দুর রবকে অস্ত্রের মুখে অপহরণ করে টিটু শরীফ।
পরে এলাকাবাসীর সহযোগিতায় টিটু শরীফকে খারুইখালী গ্রাম থেকে একটি বিদেশি পিস্তলসহ আটক করা হয়।
চিংড়ি ঘের দখল নিতে ব্যবসায়ীকে অপহরণ করা হয় বলে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে ওই যুবক।
বাগেরহাট,১৪ফেব্রুয়ারি,(টাইমনিউজবিডি)//এসএইচ