[b]যশোর:[/b] রোববার দুপুরে যশোর শিক্ষা বোর্ড মডেল স্কুল এন্ড কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র শরিফুল ইসলামকে ছুরিকাঘাতে খুন করেছে একদল সন্ত্রাসী।
গুরুতর জখম অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শরিফুল শহরের শেখহাটি জামতলা এলাকার একটি ছাত্রবাসে থাকত। তার গ্রামের বাড়ি মাগুরার মোহাম্মদপুরে বলে কলেজের শিক্ষকরা জানিয়েছেন।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ জানিয়েছেন,সকালে শরিফুলের এক বন্ধুর মোবাইল ও ৩ হাজার টাকা ছিনতাই হয়। ছিনতাইকৃত মোবাইল ও টাকা আনতে গেলে নাজমুল,জুয়েল ও আরিফ নামে তিনজন শরিফুল ও তার বন্ধু নোমানকে ছুরিকাঘাত করে। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা শরিফুলকে মৃত ঘোষণা করে। নিহত শরিফুলের পিতা একজন পুলিশ সদস্য বলে জানা গেছে।
এছাড়া এ ঘটনায় নাজমুল নামে একজনকে আটক ও সন্দেহভাজন হিসেবে আরো দু’জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে পুলিশ।