[b]ঢাকা:[/b] নির্বাচনের দুই দিন আগে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে দেখা করে তার কাছে স্মারকলিপি দিয়েছে বিএনপির সংসদীয় দল।
বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদীন ফারুকের নেতৃত্বে বিএনপি সংসদ সদস্যদের একটি প্রতিনিধিদল স্পিকারের সঙ্গে দেখা করে এ স্মারকলিপি দেন।
স্মারকলিপিতে বলা হয়, এখনো সংসদ বহাল রয়েছে এবং বেগম খালেদা জিয়া বিরোধী দলীয় নেতা। সেক্ষেত্রে তার প্রটোকল সরিয়ে নেয়া কতটুকু যৌক্তিক?
তিনি বলেন, সংসদ এখনো বহাল আছে। খালেদা জিয়া এখনো বিরোধী দলীয় নেতা। তাহলে তাকে কেন অবরুদ্ধ করে রাখা হয়েছে, কেন তাকে বের হতে দেয়া হচ্ছে না, কেন তার সঙ্গে নেতাকর্মীদের দেখা করতে দেয়া হচ্ছে না, তার প্রোটোকল প্রত্যাহার করা হলো- ‘জাতি’ তা জানতে চায়।
বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, 'আমরা স্পিকারের হস্তক্ষেপ কামনা করেছি। তিনি আমাদের আশ্বস্ত করেছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে এ বিষয়ে কথা বলবেন।'
ফারুক জানান, এ বিষয়ে কথা বলার জন্য তারা রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছেও সময় চেয়েছেন। কখন তিনি সাক্ষাৎ দেবেন তা দুপুরে বঙ্গভবন থেকে জানানো হবে।
স্মারকলিপি প্রদান শেষে এক ব্রিফিংয়ে ফারুক বলেন, 'খালেদা জিয়া গণতন্ত্র রক্ষার স্বার্থে ২৯ ডিসেম্বর বিএনপি কার্যালয়ের সামনে মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচি ঘোষণা করেছিলেন। এই কর্মসূচিকে ঘিরে সরকারি দল যে অবস্থার সৃষ্টি করেছে আপনারা তা জানেন।'
তিনি বলেন, 'আমাদের চেয়ারপারসন কয়েকদিন ধরে তার বাসায় অবরুদ্ধ। তার বাসভবন ঘিরে পুলিশের ব্যারিকেড দেওয়া হয়েছে। বাসার সামনে রাখা হয়েছে বালুভর্তি ট্রাক। তার সঙ্গে কাউকে দেখা করতে দেওয়া হচ্ছে না। উনি কি গৃহবন্দি, উনি কি গ্রেফতার, সংসদ কি আছে, উনি কি পদত্যাগ করেছেন—তা জনগণ জানতে চায়। এসব বিষয়ে স্পিকারকে অবহিত করতে তার কাছে বিএনপির সংসদীয় দলের পক্ষ হতে স্মারকলিপি পেশ করা হয়েছে।'