অভিযোগ দায়েরের ক্ষেত্রে বিএনপি নেতাদের মুখে লাগাম নেই বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনারের রুটিন দায়িত্বে থাকা নির্বাচন কমিশনার মো. আবদুল মোবারক।
বৃহস্পতিবার নির্বাচন কমিশনে টাঙ্গাঈল-৮ উপনির্বাচনে আইনশৃংখলা বাহিনীর সঙ্গে বৈঠক শেষে মিডিয়া সেন্টারে ব্রিফিংএ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন,কারো মুখে তো আর লাগাম দিয়ে রাখতে পারব না। আর সবার কথার জবাব দেয়াও সমীচীন নয়।
নির্বাচনে ভোট না দিলে জরিমানার বিধান বাংলাদেশে নেই জানিয়ে তিনি বলেন,অস্ট্রেলিয়ায় ভোট না দিলে জরিমানা করা হয়। তাই আমরা ভোটারদের নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যাওয়াকে নিশ্চিত করতে চাই।
নির্বাচনী পরিবেশ সুশৃংখল ও সুন্দর রাখতে আইনশৃংখলা বাহিনী আমাদের কিছু পরামর্শ দিয়েছে বলে জানিয়ে তিনি বলেন,এখন আইনশৃংখলা বাহিনী নিজের ইচ্ছে অনুযায়ী কোনো কেন্দ্রে কম বা বেশি সদস্য নিয়োগ করতে পারবে।
তিনি বলেন,আমরা (ইসি) সর্তকতার সঙ্গে গণমাধ্যমের প্রদর্শিত তথ্য এবং প্রচারিত সংবাদ পর্যবেক্ষণ করে ব্যবস্থা নিয়ে থাকি। এর প্রমান হিসেবে যশোরের দুজন এমপিকে আমরা এখনও স্বীকৃতি দেইনি।
নির্বাচন করা ইসির কাজ বলে জানিয়ে তিনি বলেন,এক্ষেত্রে  কমিশনের সহযোগী হচ্ছে আইন শৃংখলা বাহিনী। আমরা আশা করছি সকলের সহযোগীতায় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।
নির্বাচনে সরকারি কর্মকর্তাদের পক্ষপাতিত্বের বিষয়ে আবদুল মোবারক বলেন,এ ব্যাপারে আমরা নির্দেশ দিয়েছি কোনো সরকারি কর্মকর্তা কোনো প্রার্থীর পক্ষে কাজ করলে তাকে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে হবে।
আইনশৃঙ্খলা রক্ষায় এ নির্বাচনে ১টি পৌরসভা ও ১৫টি ইউনিয়নের জন্য ১৬টি মোবাইল টিম ও র্যা বের পৃথক ১৬টি মোবাইল টিম,৪ প্লাটুন বিজিবি সদস্য স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন করা হবে।
এছাড়া স্ট্রাইকিং ফোর্স হিসেবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি),র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যা ব),এপিবিএন ও ব্যাটলিয়ন আনসার থাকবে। পাশাপাশি আপরাধীদের তাৎক্ষণিক সাজা দিতে ৪ জন নির্বাহী ও ২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হবে।
দশম জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৮ সংসদীয় আসনের সরকার দলীয় এমপি নির্বাচিত এমপি শওকত মোমেন শাহজাহান গত ২০ জানুয়ারি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে এই আসনটি শূন্য হয়। আগামী ২৯ মার্চ এ শূন্য আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
[b]ঢাকা, এএ, ১৩ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]