ভুল চিকিৎসার শিকার হয়ে সেলিনা আক্তার (৩৫)নামে এক রোগী মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার রাতে টঙ্গীর স্টেশন রোড এলাকার সেবা শুশ্রূষা হাসপাতাল প্রাইভেট লিমিটেডে এ ঘটনা ঘটে।
এ খবর ছড়িয়ে পড়লে নিহতের স্বজন ও এলাকাবাসী ওই ক্লিনিকে ভাঙচুর শুরু করে। পরে পুলিশ লাঠি চার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও স্থানীয়রা জানান,মঙ্গলবার সন্ধ্যায় সেলিনা আক্তার গলায় ব্যথা অনুভব করেন। এজন্য তাকে স্থানীয় স্টেশন রোডের সেবা হাসপাতালে আনা হয়। কর্তব্যরত চিকিৎসক সেলিনার ঘাড়ে একটি ইনজেকশন পুশ করলে সে মারা যায়।
মৃত্যুর বিষয়টি গোপন রেখে ডাক্তার একরামুল সেলিনাকে রাজধানীর উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের জন্য পরামর্শ দেন। ওই হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক সেলিনাকে মৃত ঘোষণা করেন।
এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা ওই হাসপাতালটি ঘিরে অভিযুক্ত ডাক্তারের বিচার চেয়ে বিক্ষোভ শুরু করে।
একপর্যায়ে উত্তেজিত জনতা হাসপাতালে ভাঙচুর চালায়। এ সময় পুলিশ লাঠিচার্জ ও পাঁচ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
টঙ্গী থানায় ওসি (তদন্ত) মো.আমিনুল ইসলাম জানান,‘ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগে স্বজনরা ইট পাটকেল ছুড়ে ওই ক্লিনিকটি ভাঙচুর করেছে। পরে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়।’
[b]ঢাকা, ২ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ // এআর[/b]