নারায়ণগঞ্জের অপহৃত ব্যবসায়ী সৈয়দ সাইফুল ইসলামকে ২৪ ঘন্টা পর উদ্ধার করেছে পুলিশ ও র‌্যাব ৪ এর সদস্যরা। শুক্রবার রাত সাড়ে ১১টায় সাভার জাতীয় স্মৃতিসৌধের সামনের রাস্তা থেকে চোখ বাঁধা অবস্থায় তাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে যাত্রাবাড়ী থেকে ১ জনকে আটক করা হয়েছে।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শ্যামল কুমার মুখার্জী জানান, চোখ বাঁধা অবস্থায় সাইফুলকে দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ ও র‌্যাব সদস্যরা তাকে উদ্ধার করেন। বর্তমানে তিনি র‌্যাব-৪ এর ক্যাম্পে রয়েছেন।
জানা যায়,  সৈয়দ সাইফুল ইসলাম (৪৫) সিদ্ধিরগঞ্জের সোনামিয়া মার্কেটের সামিয়া সুপার শপের মালিক। বৃহস্পতিবার রাত ১০টার দিকে দোকান বন্ধ করে বাসায় ফেরার পথে তাকে অপহরণ করা হয়।
অপহরণকারীরা শুক্রবার সকালে সাইফুলের দোকান ম্যানেজার মো. হান্নানের কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
এ ঘটনায় অপহৃত সাইফুলের স্ত্রী সাদিয়া সুলতানা বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
[b]ঢাকা, ৩ মে (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]