নাটোরের নলডাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে ইসলামী সম্মেলনে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। প্রশাসনের দাবি দুইটি ইসলামী সংগঠনের একই সময়ে সমাবেশকে কেন্দ্র করে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এ আদেশ জারি করা হয়েছে।
তবে আয়োজকরা বলেছেন, অন্য কোন সংগঠন সেখানে কোন কর্মসূচি দেয়নি তাদের অনুষ্ঠান বানচাল করতে প্রশাসন নাটক সাজিয়েছে।  
মঙ্গলবার রাতে স্থানীয় প্রশাসন এই ধারা জারি করে মাইকিং করেছে।
গত কয়েকদিন থেকে আহলে হাদিস যুবসংঘ নলডাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে ইসলামী সম্মেলন আহবান করে পোস্টারিং ও মাইকিং চালিয়ে আসছে। এছাড়া ওই অনুষ্ঠানের সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করেছে ওই সংগঠনটি। হঠাৎ করে জামাতে সুন্নত ওয়াল আহলে হাদিস বুধবার সকাল ১০টায় ওই একই মাঠে এক সমাবেশ আহ্বান করেন।
এমন দাবিতে উভয় সমাবেশকে ঘিরে স্থানীয় জনসাধারণ ও অনুসারীদের মধ্যে উত্তেজনা বিরাজ করায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার জাহান ওই এলাকায় আজ সকাল ১০টা থেকে ১৪৪ ধারা জারি করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার জাহান ও নলডাঙ্গা থানার ওসি মনিরুল ইসলাম ১৪৪ ধারা জারির  সত্যতা স্বীকার করেন। তারা জানান, এটি বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত কার্যকর থাকবে।
[b]ঢাকা, ১৬ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এনএস[/b]