রানা প্লাজা ধসের এক বছর পর বাংলাদেশে পোশাক শ্রমিকদের কর্মপরিবেশের নিরাপত্তা এবং তাদের অধিকার বাস্তবায়ন খতিয়ে দেখতে আসছেন জার্মান পার্লামেন্টের একটি প্রতিনিধি দল।
আজ শনিবার ঢাকা আসছেন এ প্রতিনিধি দল।
ঢাকায় জার্মান দূতাবাস শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে,  অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন বিষয়ক জার্মান পার্লামেন্টারি কমিটির সাত সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফরে আসছেন।
কমিটির চেয়ারপারসন টাকমা ভিলের নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সদস্যরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার শিরীন শারমিন চৌধুরী, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদসহ অন্যান্য রাজনৈতিক নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
বাংলাদেশে শ্রমিকদের স্বাস্থ্য ও নিরাপত্তার উন্নয়নে নেয়া বিভিন্ন পদক্ষেপও খতিয়ে দেখবেন তারা।
রানা প্লাজা ধসে ক্ষতিগ্রস্তদের চিকিৎসা ও পুনর্বাসন পরিস্থিতি দেখতে সাভারে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রে (সিআরপি) যাবেন প্রতিনিধি দলের সদস্যরা।
কারখানার কর্মপরিবেশ পরিস্থিতি সম্পর্কে ধারণা পেতে সাভারের কয়েকটি পোশাক কারখানাও পরিদর্শন করবেন তারা।
এছাড়া  পথশিশু ও এসিড আক্রান্তদের নিয়ে কাজ করে-এমন দুটি প্রকল্পও পরিদর্শন করবেন জার্মান পার্লামেন্টের সদস্যরা।
৩০ এপ্রিল ঢাকা ছাড়ার আগে সংবাদ সম্মেলন করবেন তারা।
[b]ঢাকা, ২৬ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]