[b]গাইবান্ধা:[/b] গাইবান্ধার পলাশবাড়ীতে শুক্রবার নির্বাচনী কেন্দ্র পরিদর্শনকালে পলাশবাড়ী থানার দুই অফিসার ইনচার্জসহ ৬ পুলিশ কর্মকর্তা ও সদস্য ১৮ দলের স্থানীয় নেতাকর্মীদের হামলার শিকার হয়েছেন।
গুরুতর আহত অবস্থায় ওসি (তদন্ত) গোলাম মোস্তফা,সদস্য সাহাদুর রহমান ও মিজানুর রহমানকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতদের মধ্যে অন্যরা হচ্ছেন,থানার অফিসার ইন চার্জ নাসির উদ্দিন মন্ডল,এস আই বিল্লাল হোসেন ও কনস্টেবল গোবিন্দ চন্দ্র দাস ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে,শুক্রবার বিকেল সাড়ে ৫ টার দিকে বরিশাল ইউনিয়নের বিভিন্ন ভোট কেন্দ্রের নিরাপত্তার অবস্থা পরিদর্শন করে ওসি নাসির উদ্দিন মন্ডলের নেতৃত্বে ৩টি মটর সাইকেলে করে ৬ সদস্যের ওই পুলিশ দলটি সারাদিন নতুন বাজারের তিনমাথা মোড়ে পৌঁছায়।
এ সময় হঠাৎ নির্বাচন বিরোধী ১৮ দলের অর্ধশতাধিক স্থানীয় নেতা-কর্মী তাদের উপর হামলা ও ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এক পর্যায়ে পুলিশের উপর ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে আক্রমোন চালানো হয়।
হামলাকারীদের আঘাতে ওই ৬ পুলিশ কর্মকর্তা ও সদস্য আহত হন। হামলাকারীরা এ সময় দুটি মটর সাইকেলে অগ্নিসংযোগ করে।
খবর পেয়ে ইউএনও তোফাজ্জল হোসেনের নেতৃত্বে র্যামব ও পুলিশের অতিরিক্ত একটি দল গিয়ে আক্রান্ত পুলিশ সদস্যদের আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা সদরে নিয়ে আসে।
উপজেলা হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে তাদের চিকিৎসা দেয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার তোফাজ্জল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
পুলিশ সুপার মোঃ সাজিদ হোসেন বলেন,ওই এলাকায় পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে। এদিকে ওই ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।





