[b]টাঙ্গাইল:[/b] টাঙ্গাইলে ট্রেন ও ট্রাকের সংঘর্ষে দুই জন নিহত এবং পাঁচ জন আহত হয়েছে। আহতদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার সকাল পৌঁনে ১০টার দিকে বঙ্গবন্ধু সেতু-ঢাকা কমলাপুর রেলসংযোগ সড়কের বাসাইল উপজেলার হাবলা ইউনিয়নের টেংগুরিয়া পাড়া রেলক্রসিংয়ে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- ট্রাকচালক সুজাত আলী ও শ্রমিক নিজাম উদ্দিন। নিহতদের বাড়ি সিরাজগঞ্জ জেলায়।
হাবলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম জানান, হাবলা ভোরপাড়া থেকে মাটি ভর্তি একটি ট্রাক নাটিয়াপাড়া যাওয়ার উদ্দেশ টেংগুরিয়া পাড়া রেলক্রসিং পার হওয়ার সময় রংপুর থেকে ঢাকাগামী রংপুর এঙপ্রেস ট্রেনটি ট্রাকটিকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রেল লাইনের পাশের খাদে পড়ে ডুবে যায়। এতে চালকসহ ২ জনেই ঘটনাস্থলে মারা যান এবং পথচারীসহ ৫ জন আহত হন। আহতদের দ্রুত উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল ও মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
টাঙ্গাইলের ঘারিন্দা রেলস্টেশনের দায়িত্বপ্রাপ্ত জিআরপি থানা পুলিশ সাহাদুল ইসলাম জানান, ঘটনার ব্যাপারে ঢাকা জিআরপি থানায় জানানো হয়েছে। জিআরপি পুলিশ ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।