চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম সরকারী কমার্শিয়াল কলেজের পেশ ইমাম দিদারুল ইসলাম কুতুবী (২৮) ও সীতাকুণ্ডের টেরিয়াল এলাকার শ্রমিক আবু তাহের (৫৫)নিহত হয়েছেন।
মহানগরীর চকবাজার ও সীতাকুণ্ডে সোমবার রাতে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, সোমবার রাত সাড়ে ১০টার দিকে দুই ব্যাক্তি একটি মোটর সাইকেল চালিয়ে  যাওয়ার সময় তেলিপট্টির মুখে একটি ট্রাক পিছন থেকে তাদের ধাক্কা দেয়। এতে মোটর সাইকেলের পিছনে বসা মাওলানা দিদারুল ইসলাম কুতুবী গুরুতর আহত হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
সিএমপি’র চকবাজার থানার অফিসার ইন চার্জ মো. আতিকুল ইসলাম জানান, নিহত দিদারুল ইসলামের গ্রামের বাড়ি কক্সবাজারের কুতুবদিয়ায়। আমরা ট্রাকসহ চালককে আটক করেছি। এ ব্যাপারে চকবাজার থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
এর আগে রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুন্ডের টেরিয়াইল বাজারে সিএনজি অটোরিক্সার ধাক্কায় এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। নিহত শ্রমিকের নাম আবু তাহের (৫৫)। পরে কুমিরা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
নিহত আবু তাহের ভোলার দৌলতখানের চরবাচা গ্রামের নুরুজ্জামানের ছেলে বলে জানা গেছে।
[b]চট্টগ্রাম, ৮ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]