[b]নয়াদিল্লি:[/b] ভারতের কংগ্রেস পার্টির নেতা রাহুল গান্ধী মঙ্গলবার বলেছেন,তিনি চলতি বছর অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনে ক্ষমতাসীন দলের নেতৃত্ব দিতে রাজি আছেন। এটি এ পর্যন্ত প্রধানমন্ত্রী প্রার্থী হতে তার প্রস্তুত থাকার সবচেয়ে জোরালো আভাস।তবে ৪৩ বছর বয়সী রাহুল গান্ধী তার ভবিষ্যৎ পরিকল্পনা ও ভূমিকা সম্পর্কে জানতে চাইলে জবাব এড়িয়ে যান।
তবে হিন্দি ভাষার দৈনিক ভাস্করকে দেয়া এক বিরল সাক্ষাৎকারে তিনি আনুষ্ঠানিকভাবে হবু প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচনে দলের হাল ধরতে রাজি হওয়ার ইঙ্গিত দিয়েছেন।
সাক্ষাৎকারে তিনি বলেন,"ঠিক এখন দলের পক্ষ থেকে আমাকে যে দায়িত্বই দেয়া হোক,তা আমি আমার সর্বোচ্চ সামর্থ দিয়ে পালন করবো।"
প্রধানমন্ত্রী মনমোহন সিং ইতিমধ্যে ঘোষণা করেছেন যে,তিনি পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌঁড়ে থাকছেন না। ইউপিএ সরকার ক্ষমতায় এলেও তিনি আর প্রধানমন্ত্রী হচ্ছেন না।
এবার ইউপিএ’র পক্ষ থেকে কাকে প্রধানমন্ত্রী করা হবে,তা নিয়ে জল্পনা-কল্পনা এখন তুঙ্গে। আগামী শুক্রবার কংগ্রেস নয়াদিল্লিতে বৈঠকে বসছে। তবে আশা করা হচ্ছে সেখানেই কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ইউপিএ’র পক্ষ থেকে প্রধানমন্ত্রী প্রার্থীর নাম ঘোষণা করতে পারেন। সূত্র: এএফপি