ভারত সফররত বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী শুক্রবার রাতে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে রাষ্ট্রপতি ভবনে সাক্ষাৎ করেছেন।
বৈঠকে তারা বাংলাদেশ ও ভারতের রাজনৈতিক ও অর্থনৈতিকসহ সার্বিক বিষয়ে মতবিনিময় করেন।
এ সময় প্রণব মুখার্জি বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হওয়ায় ড. শিরীন শারমিন চৌধুরীকে অভিনন্দন জানান।
বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার এনামুল হক চৌধুরী জানান, বৈঠকে ভারতের রাষ্ট্রপতি সাম্প্রতিককালে বাংলাদেশে আন্দোলনের নামে যে সহিংসতা হয়েছে তার জন্য উদ্বেগ প্রকাশ করেন। রাষ্ট্রপতি বলেন, সন্ত্রাস কোন গণতান্ত্রিক আচরণ হতে পারে না।
স্পিকার সহিংসতা দমনে সরকার গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। তিনি বলেন, সরকার সঠিক সময়ে কার্যকর পদক্ষেপ নিয়ে সহিংসতা বন্ধ করতে সক্ষম হয়েছে।
প্রণব মুখার্জি দ্রুত পদক্ষেপ নিয়ে সহিংসতা বন্ধ করে দেশে শান্তি ফিরিয়ে আনায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের প্রশংসা করেন।
তিনি বলেন, ভারত সুখী ও সমৃদ্ধিশালী একটি দেশ হিসেবে বাংলাদেশকে দেখতে চায়। তিনি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে ভারতের সহযোগিতার কথা উল্লেখ করে বলেন, ভারতের এ সহযোগিতা অব্যাহত থাকবে।
এ সময় ড. শিরীন শারমিন চৌধুরী প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা বার্তা ভারতের রাষ্ট্রপতির কাছে পৌঁছে দেন।
ভারতের রাষ্ট্রপতিও তার শুভেচ্ছা বার্তা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে পৌঁছে দেয়ার জন্য স্পিকারের প্রতি অনুরোধ জানান।
এ সময় ভারতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারিক এ করিম উপস্থিত ছিলেন।
[b]ঢাকা, ১৪ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এফএ[/b]