নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের উপনির্বাচনের মনোনয়নপত্র বিক্রি শুরু হয়েছে। বুধবার সকাল থেকে জেলা নির্বাচন অফিসে এ কার্যক্রম শুরু হয়। শুরুতে মনোনয়নপত্র কিনেছেন নিহত মেধাবী ছাত্র তানভীর মোহাম্মদ ত্বকীর বাবা রফিউর রাব্বি। বেলা ১১টায় নির্বাচন কর্মকর্তা মো: তারিফুজ্জামানের কাছ থেকে তিনি মনোনয়নপত্র কেনেন।
জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য নাসিম ওসমানের মৃত্যুতে শূন্য হওয়া আসনটিতে আগামী ২৬ জুন ভোটের দিন ঠিক করেছে নির্বাচন কমিশন। গতকাল মঙ্গলবার এই আসনে প্রার্থী হওয়ার ঘোষণা দেন সন্ত্রাস নির্মুল ত্বকী মঞ্চের আহ্বায়ক ও সন্ত্রাসীদের হাতে নিহত তানভীর মুহাম্মদ ত্বকীর বাবা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি।
মনোনয়নপত্র কেনার পর রফিউর রাব্বি সাংবাদিকদের বলেন, নারায়ণগঞ্জে গুম, খুন, সন্ত্রাস ও চাঁদাবাজির হোতা অপশক্তির বিরুদ্ধে যে গণ-আন্দোলন চলছে, সেই আন্দোলনের অংশ হিসেবে এই নির্বাচনে অংশ নিচ্ছেন তিনি।
উল্লেখ্য, নির্বাচন কমশিন ঘোষিত তফসিল অনুযায়ী নারায়ণগঞ্জ-৫ আসনের উপ নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ২৬ জুন। মনোনয়ন দাখিলের শেষ সময় ২৯ মে, বাছাই ১ জুন ও মনোনয়পত্র প্রত্যাহারের শেষ সময় ৯ জুন।
প্রসঙ্গত, জাতীয় পার্টির সংসদ সদস্য নাসিম ওসমানের মৃত্যুতে নারায়ণগঞ্জ-৫ আসন শূন্য হয়। জাতীয় পার্টির এই প্রভাবশালী নেতা গত ৩০ এপ্রিল মারা যান। নাসিম ওসমান বিএনপি বিহীন দশম সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন।
নারায়ণগঞ্জ নগরীর গুরুত্বপূর্ণ এই আসনে তিনি এর আগে ১৯৮৬, ১৯৮৮, ২০০৮ সালে জাতীয় পার্টির টিকিটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। নাসিমের ছোট ভাই এ কে এম শামীম ওসমান আওয়ামী লীগের নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য। তাদের বাবা একেএম সামসুজ্জোহা ১৯৭৩ সালে প্রথম সংসদের সদস্য ছিলেন।
[b]ঢাকা, ২১ মে (টাইমনিউজবিডি.কম) // এএইচ[/b]