গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার মহাসড়ক খননের সময় গ্যাস লাইন ফেটে সৃষ্ট আগুনে দগ্ধ একজনের মৃত্যু হয়েছে। নিহতের নাম আনোয়ার হোসেন (৩৮) বলে জানা যায়।
শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি ঢাকার দোহারের মওরা গ্রামের আলী মাঝির ছেলে।
নিহতের ভাতিজা হারুনুর রশিদ জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গড়গড়িয়া মাষ্টারবাড়ি বাজারে আনোয়ারের একটি ওষুধের দোকান আছে। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ওই মহাসড়ক সম্প্রসারণ কাজ করার সময় গ্যাস পাইপ লাইন থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ওষুধের দোকানে আগুন লেগে গেলে দগ্ধ হন আনোয়ার। এ সময় মোস্তফা জামান ও নয়ন নামে আরও দুইজন দগ্ধ হন।
দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় ক্লিনিক এবং পরে অবস্থার অবনতি হলে ঢামেকের বার্ন উইনিটে ভর্তি করা হয়।
[b]ঢাকা, ১৮ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]