আশুলিয়ায় বোমা ফাটিয়ে একটি মার্কেটের স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।
রোববার রাত আটটায় বলিভদ্র বাজারের শমসের প্লাজায় পীযূষ জুয়েলার্সে এ ঘটনা ঘটে।
আশুলিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ৮ টার দিকে ১০/১২ জনের একদল মুখোশধারী ডাকাত বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্রসহ ওই মার্কেটে প্রবেশ করেন। এ সময় তারা আতঙ্ক সৃষ্টি করতে অন্তত ১০টি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে অস্ত্রের মুখে মার্কেটের নিচতলার পীযূষ জুয়েলার্সের কর্মচারীদের জিম্মি করে মালামাল লুট করে। পরে আরো কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে মাইক্রোবাস যোগে মার্কেট এলাকা ত্যাগ করেন ডাকাতরা।  
জুয়েলার্সের মালিক পীযুষ সরকার জানান, ডাকাতরা প্রায় দুই শত ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। যার আনুমানিক মুল্য প্রায় ১ কোটি টাকার উপড়ে।
এ ঘটনার পরপরই ঘটনাস্থলে উপস্থিত হন ঢাকা জেলার পুলিশ সুপার হাবিবুর রহমান।
তিনি জানান, ডাকাতরা পূর্ব পরিকল্পনা অনুসারে সুযোগ বুঝে ডাকাতির ঘটনাটি ঘটিয়ে পালিয়ে গেছে। ডাকাতদের গ্রেফতার করতে সাভার, আশুলিয়া, ধামরাই ও গাজীপুর জেলার পুলিশের সহযোগীতা কামনা করা হয়েছে। এসব এলাকার বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে পুলিশ যানবাহন তল্লাশি শুরু করেছে বলে দাবি করেন তিনি।
তবে শেষ খবর পাওয়া পর্যন্ত ডাকাতদের কিংবা লুণ্ঠিত মালামাল উদ্ধার করতে পারেনি পুলিশ।
[b]ঢাকা, ৩ ফেব্রুয়ারি (টাইমনিইজবিডি.কম) // জেআই[/b]