[b]ঢাকা: [/b]নির্বাচনের আগে হুমকী ধমকী দেয়া হয়েছে, লাদেন স্টাইলে ভিডিও বার্তা প্রেরণ করা হয়েছে, কিন্তু তা সত্ত্বেও মানুষ স্বত:স্ফূর্তভাবে ভোট দিয়েছেন।
আজ সোমবার বিকেলে গণভবনে নির্বাচন পরবর্তী এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী বলেন, এই নির্বাচনের গ্রহনযোগ্যতা নিয়ে কোন প্রশ্ন উঠতে পারেনা ।
নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা সবাইকে পর্যাপ্ত নিরাপত্তা দেয়া হয়েছিল এমন দাবি করে শেখ হাসিনা বলেন, যারাই নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা করেছে তাদের সবার বিরুদ্ধে যথাযথ আইনী ব্যবস্থা নেয়া হবে।
নির্বাচনের আগে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান, যেগুলোতে ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছিল, তাতে আগুন দেয়ায় বিরোধীদলের কঠোর সমালোচনা করে শেখ হাসিনা বলেন, আমরা বিনামূল্যে ছাত্র-ছাত্রীদের বই দেই, কিন্তু বিরোধী দল শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস করে।
সরকারের বিদেশ পলিসি সম্পর্কে শেখ হাসিনা বলেন, আমরা সবার সাথে সুসম্পর্ক রেখে এগিয়ে যেতে চাই।