রাজধানীর কলাবাগান  মাঠ এলাকা থেকে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী পরিচালক সৈয়দা রিজাওয়ানা হাসানের স্বামী অপহৃত আবু বকর সিদ্দিককে উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার রাত পৌনে দুইটার দিকে ধানমন্ডি থানা পুলিশ তাকে উদ্ধার করে। সবশেষ পাওয়া খবর অনুযায়ী আবু বকর সিদ্দিক ধানমন্ডি থানা পুলিশের হেফাজতে আছেন।
গত বুধবার দুপুর আড়াইটায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ভূঁইয়া ফিলিং স্টেশনের সামনে থেকে একদল দুর্বৃত্ত অস্ত্রের মুখে সৈয়দা রিজওয়ানা হাসানের স্বামী আবু বকর সিদ্দিককে অপহরণ করে। এ ঘটনায় রিজওয়ানা হাসান বাদি হয়ে ফতুল্লা মডেল থানায় একটি মামলা করেছেন।
এরপরই র‌্যাব, পুলিশ ও ডিবিসহ আইনশৃঙ্খলা বাহিনী একযোগে আবু বকরকে উদ্ধারে মাঠে নামে। সবশেষ এই চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় পাঁচ সদস্যবিশিষ্ট অনুসন্ধান কমিটি গঠন করে পুলিশ।
বৃহস্পতিবার বিকালে পুলিশ হেডকোয়ার্টার্স এই কমিটি গঠন করে। রাত সাড়ে ১০টায় এই কমিটি ১ ঘণ্টাব্যাপী বৈঠক করে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি এন্ড প্রসিকিউশন) শেখ মো. মারুফ হাসানকে অনুসন্ধান কমিটির প্রধান করা হয়েছে। নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. সাজ্জাদুর রহমানকের এর সদস্য সচিব করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন-ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার মো. মনিরুল ইসলাম,র্যা ব-৩ এর পরিচালক মেজর মো. সাদিকুর রহমান এবং পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল মান্নান।
[b]ঢাকা, ১৮ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেবি[/b]