[b]টোকিও:[/b] আফ্রিকা মহাদেশের টেলিভিশন ব্রডকাস্ট ও স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে একটি মহাকাশযান পাঠাবে তুরস্ক। জাপানের সহায়তায় নির্মিত মহাকাশযানটি বুধবার তুরস্কের কাছে হস্তান্তর করা হয়।
হস্তান্তর অনুষ্ঠানে যোগ দিতে জাপান সফরে যান তুরস্কের প্রধানমন্ত্রী রিসেপ তাইয়েপ এরদোগান। সেখানে তিনি হস্তান্তর অনুষ্ঠানে ভাষণ দেন।
তুরস্ক ও জাপানের বিজ্ঞানীদের যৌথ প্রচেষ্টায় নির্মিত 'তুর্কস্যাট ৪এ' নামক এ মহাকাশযানটি আগামী ১৫ ফেব্রুয়ারি কাজাখস্তানের বাইখনুর মহাকাশযান প্রেরণ কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হবে।
এ ছাড়া, একই ধরনের 'তুর্কস্যাট ৪বি' আরেকটি স্যাটেলাইট চলতি বছরের শেষার্ধে মহাকাশে পাঠানো হবে। মহাকাশযানগুলো পাঠানোর উদ্দেশ্য হচ্ছে অনুন্নত আফ্রিকা মহাদেশের টেলিভিশন ব্রডকাস্ট ও টেলিকমিউনিকেশন ব্যবস্থার উন্নয়ন করা।
এরদোগান তাঁর ভাষণে উল্লেখ করেন, তুরস্ক ও জাপানের এই যৌথ উদ্যোগের ফলে দুদেশেরই মহাকাশ গবেষণা, উড্ডয়ন দক্ষতা, বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন ঘটবে।
মহাকাশযানটি হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এরদোগান ছাড়াও 'তুর্কস্যাট'র জেনারেল ম্যানেজার উজকান দালবেই, মিৎসুবিশি'র জেনারেল ম্যানেজার কেনিছিরু ইয়ামানিশি উপস্থিত ছিলেন।
জাপান ত্যাগের আগে এরদোগান সেদেশের রাজা আকিহিতোর সঙ্গে প্রায় আধা ঘণ্টার এক রুদ্ধদ্বার বৈঠক করেন। এরপর জাপান থেকে সিঙ্গাপুরে উড়ে যান তুর্কি প্রধানমন্ত্রী। সূত্র: ওয়ার্ল্ড বুলেটিন