খাবার স্যালাইন উত্পাদন ও ব্যবহার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র,বাংলাদেশ (আইসিডিডিআরবি)। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিডিডিআরবি এ তথ্য জানিয়েছে। দীর্ঘকাল ধরে প্রতিষ্ঠানটি গ্লুকোজ ও চালের গুঁড়া দিয়ে খাবার স্যালাইন তৈরি করে আসছিল।
এতে বলা হয়েছে,৬০-এর দশকের শেষ দিকে আইসিডিডিআরবি খাবার স্যালাইন উদ্ভাবন করে। সেই সময় থেকে প্রতিষ্ঠানটি স্যালাইন তৈরি করে আসছে। এসব স্যালাইন ঢাকা মহাখালীর হাসপাতালে ও চাঁদপুরের মতলবের হাসপাতালে ব্যবহার করে আসছে। প্রতিষ্ঠানের স্টাফ কো-অপারেটিভ সোসাইটি এই স্যালাইন তৈরি করত। আর কর্তৃপক্ষ বিনা মূল্যে তা হাসপাতালে আসা রোগীদের সরবরাহ করত।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,আইসিডিডিআরবি সিদ্ধান্ত নিয়েছে যে,১৯৮২ সালের ওষুধ আইন অনুযায়ী ঔষধ প্রশাসন অধিদপ্তর থেকে নিবন্ধন না পাওয়া পর্যন্ত স্যালাইন উত্পাদন বন্ধ থাকবে এবং কোনো হাসপাতালে ব্যবহার করা হবে না।
সূত্র জানায়,দীর্ঘকাল ধরে উত্পাদন ও ব্যবহার করে এলেও এর কোনো সরকারি অনুমোদন ছিল না। সরকারের ঔষধ প্রশাসন অধিদপ্তরেরও কোনো নিবন্ধন ছিল না। সম্প্রতি র্যাাবের অভিযানের সময় জানা যায় যে এই প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে কেউ কেউ স্যালাইন তৈরি করছে। নিবন্ধন না থাকার বিষয়টি তখনই সামনে চলে আসে।
আইসিডিডিআরবির একজন কর্মকর্তা জানিয়েছেন,নিবন্ধন না পাওয়া পর্যন্ত একটি বেসরকারি প্রতিষ্ঠানের তৈরি করা স্যালাইন ব্যবহার করা হবে। এই অন্তর্বর্তীকালে রোগীদের সেবা পাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না।
[b]ঢাকা, ১২ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]