[b]তেহরান:[/b] ইরানে বৃহস্পতিবার ৫.৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের আঘাতে অন্তত একজন নিহত হয়েছেন। ইরানের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে প্রেসটিভি।

বৃহস্পতিবার ইরানের স্থানীয় সময় ভোরে দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশে ভূমিকম্পটি আঘাত হানে। ৫.৫ মাত্রার ভূমিকম্পের পরপর ৪.৫ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে।

হরমুজগান প্রদেশের গভর্নর মোহাম্মদ মোশতাকজাদেহ জানান, ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাতে প্রদেশটিতে একজন নিহত ও ৩০ জন আহত হন।

এ ছাড়া, প্রদেশটির বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ ও টেলিফোনের লাইন বিচ্ছিন্ন হয়ে পড়ে বলে জানান তিনি। ভূমিকম্পের আঘাতে বেশ কিছু বাড়িঘরের আংশিক ক্ষতি হয়েছে বলেও জানান প্রদেশটির গভর্নর। লোকজন এ সময় ভয়ে বাড়িঘর থেকে রাস্তায় বেরিয়ে আসেন।
ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির ত্রাণ ও উদ্ধার বিষয়ক সংস্থার প্রধান পিরহুসেইন কৌলিবন্দ জানান, ভূমিকম্পের পরপরই ক্ষতিগ্রস্ত এলাকায় পাঁচটি উদ্ধারকারী টিমকে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, ইরান ভূগর্ভস্থ ফাটলের উপরে অবস্থিত হওয়ায় প্রায়ই ভূমিকম্প আঘাত হেনে থাকে। দেশটিতে গড়ে প্রতিদিন অন্তত একটি করে মৃদু ভূমিকম্প আঘাত হেনে থাকে।

সর্বশেষ, ২০০৩ সালের ডিসেম্বরে দক্ষিণাঞ্চলীয় বাম শহরে মারাত্মকভাবে আঘাত হানে ভূমিকম্প। ৬.৬ মাত্রার ওই ভূমিকম্পে বেশ কয়েক হাজার লোক হতাহত হন।