সিলেটের বৃহত্তর জৈন্তার কানাইঘাট, গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলায় সর্বত্র গ্যাস সংযোগসহ প্রাপ্তি ও মহালসামিল জলকরে গ্রামবাসীদের ভোগ অধিকার পুনর্বহালের দাবিতে রোববার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে জৈন্তিয়া জনদাবী পরিষদ।
জনদাবী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ জানান, উপজেলার সর্বত্র সর্বাত্মক হরতাল পালনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আরও কয়েকটি সংগঠন তাদের এ কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেছে।
সারি নদী বাঁচাও আন্দোলনের সভাপতি আব্দুল হাই আল হাদী জানান, গ্যাস সংযোগসহ গ্যাস প্রাপ্তি ও মহালসামিল জলকরে গ্রামবাসীদের ভোগ অধিকার পুনর্বহালের দাবিতে তারা একাত্মতা পোষণ করেছেন।
তিনি হরতাল সফলের জন্য সবাইকে আহ্বান জানান।
এদিকে, হরতালের সমর্থনে শনিবার সন্ধ্যায় বিভিন্ন স্থানে সমাবেশ করেছে জৈন্তিয়া জনদাবী পরিষদ। পরিষদ জানায়, বৃটিশ আমল থেকে জৈন্তিয়ার হরিপুরসহ অন্যান্য গ্যাস কূপ থেকে সারাদেশের কলকারখানা, বাসা বাড়িতে গ্যাস সংযোগ দেওয়া হলেও জৈন্তার মানুষকে গ্যাস প্রাপ্তির সুবিধা থেকে অন্যায়ভাবে বঞ্চিত রাখা হয়েছে।
জৈন্তিয়ার বালু, পাথর, অন্যান্য প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে সরকার হাজার হাজার কোটি টাকা রাজস্ব আদায়ের মাধ্যমে দেশের উন্নয়নের চাকা সচল রাখলেও জৈন্তিয়ার মানুষ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত।
দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান পরিষদ আহ্বায়ক আব্দুর রশিদ।
[b]সিলেটে, ৩০ মার্চ (টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]